নতুন বিজ্ঞাপনে দেখা যাবে অপুকে
সাধারণত বিজ্ঞাপনে কাজ করেন না নায়িকা অপু বিশ্বাস। চার বছর আগে তিনি করেছেন তিব্বত স্নো-এর বিজ্ঞাপন। দীর্ঘ তিন বছর পর আবারও বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেন অপু বিশ্বাস। ঢালিউডের অন্যতম এই নায়িকা গত শুক্রবার এফডিসিতে অংশ নেন ‘মাই লাইফ ফ্রিজ’-এর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। এ নিয়ে তৃতীয়বারের মতো বিজ্ঞাপনের মডেল হলেন অপু।
তবে বিজ্ঞাপনে কাজের ব্যাপারে বরাবরই আগ্রহ কম বলে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘বিজ্ঞাপনের ভাবনা পছন্দ না হলে আমি সাধারণত বিজ্ঞাপনচিত্রের কাজ খুব একটা করতে চাই না। তাই আমার ক্যারিয়ারে বিজ্ঞাপনচিত্রের সংখ্যাটাও কম। তবে নতুন এই বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা বেশ পছন্দ হয়েছে। হঠাৎ করেই কাজটি করে ফেললাম। সময়ও দিতে হয়েছে মাত্র এক দিন। ’
গত শুক্রবার বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনের পরিচালক সেলিম রেজা জানান, এ মাসের শেষের দিকে টেলিভিশনে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। শাকিবের সাথে অপু বিশ্বাস প্রথম জুটি বেঁধে কাজ শুরু করেন ‘কোটি টাকার কাবিন’ ছবির মধ্য দিয়ে। নায়িকা অপু বিশ্বাস বর্তমানে ‘সম্রাট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ঈদে অপু বিশ্বাসের ‘লাভ ম্যারেজ’ ছবিটি সর্বাধিক ব্যবসা সফল ছবির স্বীকৃতি পেয়েছে।

মাজহার বাবু