কোটিপতি বলিউড অভিনেত্রীরা
পারিশ্রমিকের অঙ্কে বলিউডে শুধু অভিনেতারাই কোটি কোটি রুপি আয় করেন, এমনটা নয়। কোটির অঙ্কে রয়েছেন অভিনেত্রীরাও। পারিশ্রমিকের অঙ্ক চড়ানোর ক্ষেত্রে এক অভিনেত্রীর সঙ্গে অন্য অভিনেত্রীর প্রতিযোগিতাও চলছে প্রতিনিয়ত। অভিনেতাদের সমান্তরালে উঠে আসতে কম যাচ্ছেন না বর্তমানের বলিউডি অভিনেত্রীরাও।
কোন ছবির দৌলতে কে কাকে টেক্কা মেরে এগিয়ে চলেছেন, আর কে কখন পিছিয়ে পড়ছেন তা নিয়েও নিত্য চলছে কাটাছেঁড়া। সব মিলিয়ে তিন কোটি থেকে ১১ কোটির ঘূর্ণিপাকে ঘুরছেন অভিনেত্রীরাও। আর বলিউডের কোটিপতি লেডি সেলেবদের কে কখন এক অঙ্ক থেকে দুই অঙ্কে পৌঁছে যাচ্ছেন তা নিয়েও চলছে রুদ্ধশ্বাস উত্তেজনা। বলিউডি অভিনেত্রীদের পারিশ্রমিকের দৌড়ে বর্তমানে আপাতত কে কোথায় অবস্থান করছেন তারই একঝলক।
কঙ্গনা রানাউত
বলিউডের এই মুহূর্তের সবচেয়ে দামি অভিনেত্রী কঙ্গনা রানাউত। বরাবর অভিনেতাদের সঙ্গে পারিশ্রমিকের অঙ্কে টেক্কা দেওয়ার জেদি মনোভাব নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আর সেই লড়াইতে একটু একটু করে বলিউডের মাটিতে নিজের জায়গাও করে নিয়েছেন তিনি। বর্তমানে ছবিপিছু তাঁর পারিশ্রমিক এখন ১০ থেকে ১১ কোটি রুপি। শোনা যায়, ‘কুইন’ ছবির সাফল্যের পর থেকেই নাকি চড়ছে কঙ্গনার এই পারিশ্রমিক।

কারিনা কাপুর খান
৩৫ বছর বয়সী এই নায়িকার পারিশ্রমিক এখন ৯ থেকে ১০ কোটি রুপি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন আছে, বিয়ের পর থেকে নাকি বলিউডের নায়িকাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। প্রচলিত সেই ধারণাকে ভেঙে দিয়ে কারিনা প্রমাণ করে দিয়েছেন, অভিনয়ের গুণে যে কোনো সময়ে নিজেকে তুলে নিয়ে আসা যায় ফ্রন্টফুটে। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে অভিনয় করার পর এখন ঊর্ধ্বমুখী কারিনার পারিশ্রমিক।

দীপিকা পাডুকোন
বলিউডের প্রথম সারির নায়িকাদের তুল্য মূল্য বিচারে অভিনয় দক্ষতা, ছবির বাণিজ্যিক সফলতা এবং গ্ল্যামার সব কিছুতেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। অন্য অভিনেত্রীদের চেয়ে কোনো অংশে কম যান না দীপিকা পাডুকোন। বর্তমানে আট থেকে নয় কোটি রুপির নিচে কোনো ছবিতেও আপাতত সই করেন না দীপিকা।

প্রিয়াঙ্কা চোপড়া
কদিন আগেই যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনে শুরু হয়েছে প্রিয়াঙ্কার টিভি সিরিয়াল ‘কোয়ানটিকো’। মোটামুটি কাঁপিয়ে দিয়েছেন তিনি। বলিউডে আট থেকে নয় কোটি রুপির অঙ্কে পারিশ্রমিক ধরে রেখেছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলিউডের সবচেয়ে বর্ণময় চরিত্র এখন। ‘ঝিলমিল’ থেকে ‘মেরি কম’ হয়ে ওঠার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। সুতরাং আগামী দিনে পারিশ্রমিকের অঙ্কটা তিনি কোথায় নিয়ে যেতে পারেন আপাতত সেটাই দেখার।

বিদ্যা বালান
ভীষণ খুঁতখুঁতে অভিনেত্রী বলে বরাবর বলিউডে নাকি পরিচিত তিনি! শোনা যায়, শুধু হিরোইন নয়, একেবারে গল্পের মূল চরিত্র না পেলে নাকি তিনি ছবিতে সইও করতে চান না। গত প্রায় দুই বছরে বিদ্যার ছবি সেই অর্থে হিট না হলেও পারিশ্রমিকের অঙ্ক কমাতে রাজি নন তিনি। ছয় থেকে সাত কোটির নিচে কোনো ছবিতেই অভিনয় করেন না এই অভিনেত্রী।

ক্যাটরিনা কাইফ
ছয় থেকে সাত কোটির অঙ্কে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনাও। কম যান না অন্য আর পাঁচজন অভিনেত্রীর সঙ্গেও। মূলত নজর কাড়া সৌন্দর্য আর হিট ছবির যুগলবন্দিতে নিজের দর বাড়িয়ে নিয়েছেন ক্যাটরিনা। আপাতত এক অঙ্কে তাঁর পারিশ্রমিক ধার্য হলেও দুই অঙ্কে পৌঁছে যেতে বেশিদিন সময় তিনি নেবেন না বলেই ধারণা অনেকের।

আনুশকা শর্মা
অভিনয়ের ক্ষমতা আর নিজস্ব স্মার্টনেসের জোরে বলিউডে পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন এই অভিনেত্রী। আপাতত ছবিপিছু পাঁচ থেকে ছয় কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। তবে প্রতিটি ছবিতে যেভাবে নিজেকে প্রমাণ করছেন আনুশকা, তাতে আগামী দিনে তাঁর পারিশ্রমিকের অঙ্ক ১০ কোটির ঘর ছুলে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না।

সোনাক্ষী সিনহা
অনেকেই সোনাক্ষীকে ‘বলিউডের লক্ষ্মী’ বলে থাকেন। কারণ, এর আগে যেসব ছবিতে সোনাক্ষী অভিনয় করেছেন, সেই সব ছবিই নাকি ১০০ কোটি রুপির ব্যবসা করেছে। তাই দেখতে দেখতে বেড়েছে সোনাক্ষীর পারিশ্রমিকের অঙ্কও। চলতি সালে পাঁচ থেকে ছয় কোটি রুপি পারিশ্রমিকের নিচে কোনো ছবির কাজে হাত দেননি তিনি। তবে আগামী দিনে তাঁর পারিশ্রমিকের অঙ্ক যে এখানে থেমে থাকবে না তা বেশ স্পষ্ট।

আলিয়া ভাট
মাত্র তিন ছবিতেই পৌঁছে গিয়েছেন তিন কোটিতে। বলিউডে কান পাতলে শোনা যায়, এই অভিনেত্রীর মধ্যে আগামী দিনের অনেক স্বপ্ন নাকি লুকানো রয়েছে। বহু প্রযোজক আলিয়ার মধ্যেই নাকি ভবিষ্যতের ‘সুপারস্টার’ হওয়ার ছায়া দেখতে পান বলেও শোনা যায়।

পরিনীতি চোপড়া
আপাতত তিন কোটির অঙ্কে নিজের স্থান ধরে রেখেছেন বলিউডের এই অভিনেত্রীও। ছবি হিট না হলেও অভিনয় ক্যারিশমায় নিজের জাত এরই মধ্যে চিনিয়ে দিয়েছেন পরিনীতি। হাতে এখন কোনো ছবি না থাকলেও আগামী দিনে তিন কোটির অঙ্ক যে তিনি সহজেই টপকে যাবেন তা বোধহয় চোখ-কান বন্ধ করেই বলা যায়।

মনোজ বসু