পাগল পাগল আইরিন!
সাংবাদিক পরিচালক সাইফ চন্দনের প্রথম ছবি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। এই ছবির মাধ্যমেই আইরিন সুলতানা চলচ্চিত্রে পা রাখেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আরজু। অনেক দিন আগেই শুটিং শেষ হলেও নানা জটিলতায় ছবিটি এতদিন মুক্তি পায়নি। তবে ৯ অক্টোবর, শুক্রবার অবশেষে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। ছবিটি দেখে দর্শক পছন্দ করবে বলে আশা করেন ছবির ‘পাগল পাগল’ মেয়ে আইরিন।
এনটিভি অনলাইনকে আইরিন বলেন, ‘ছবিটি অনেক দিন আগে শুরু হয়েছিল। অনেক ঝামেলার পর ছবিটি আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে। নিজের ছবি দর্শক কীভাবে নেয়, সেটা দেখার অপেক্ষায় আছি। তবে যেহেতু ছবিটা কমেডি লাভস্টোরি, তাই বাড়তি একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করি, দর্শক পুরো বিনোদন নিয়ে হল থেকে বেরোবে। ছবিতে অনেক মজার বিষয়ের সঙ্গে আছে গুরুত্বপূর্ণ বিষয়ও। নকল গল্পের ছবি দেখতে দেখতে দর্শক বিরক্ত, সেখানে এই ছবির গল্প কোথাও থেকে চুরি করা নয়। আমরাও নিজের মতো চেষ্টা করেছি ভালো কিছু করতে। দর্শককে বলব, আপনারা হলে এসে ছবিটি দেখুন, নতুনদের উৎসাহ দিন। তাহলে আমরা আরো ভালো কিছু করতে সাহস পাব। ছবিতে আমি পাগল পাগল মেয়ে। ছবি দেখে দর্শকও যদি পাগল হয়, তবেই আমাদের কষ্ট সার্থক হবে।’
নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমা গত ১৬ জুলাই বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এতে আরজু ও আইরিন ছাড়া আরো অভিনয় করেছেন মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর ও শাহেদ শরীফ খান। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমার চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার, সম্পাদনা করেছেন সবুজ খান। এতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, কনা, লিজা, কিশোর, বেলাল খান, নওমী ও মোহনা। গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, সুদীপ কুমার দীপ ও সোমেশ্বর অলি।
চলচ্চিত্র অভিনেত্রী আইরিন মিডিয়ায় তাঁর যাত্রা শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ পদবি জয় করেন এবং মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। র্যাম্প মডেলিংয়ে খুব অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের প্রতি আগ্রহ ছিল বলে সময় নিয়ে যত্ন করে প্রস্তুতি নিয়েছেন, নাচ শিখেছেন এবং তার পর অভিনয় শুরু করেছেন। এ পর্যন্ত অনেক চলচ্চিত্রে অভিনয় করলেও কোনোটি মুক্তির আলো দেখেনি এখনো। নবাগত পরিচালক সাইফ চন্দন পরিচালিত প্রথম ছবি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ দিয়েই আগামী শুক্রবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর।

মাজহার বাবু