‘আলাপ’-এ কাল আলাপ করবেন ইমি
ভক্তদের সঙ্গে তারকাদের সরাসরি আলাপ খুব কমই হয়। ইচ্ছা থাকলেও নানা জটিলতার কারণে তা করে উঠতে পারেন না। তবে টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানে টেলিফোনে ভক্তদের সঙ্গে আলাপও কম উপভোগ করেন না তাঁরা।
জনপ্রিয় মডেল শাবনাজ সাদিয়া ইমি যেমন বললেন, ‘আসলে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তো আমাদের খুব কম হয়। তাই অনুষ্ঠানে সরাসরি তাদের সঙ্গে আলাপ করতে আমার ভালোই লাগে।’
তবে ইমির আবার বেশি ভাল লাগে মেয়ে ভক্তদের ফোন। তিনি বলেন, ‘আমি খুব খুশি হই যখন মেয়েভক্তরা আমাকে ফোন দেন। কারণ ছেলেভক্তরা মেয়ে সেলিব্রিটিদের পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন কোনো মেয়ে সেলিব্রিটিকে মেয়েভক্তরা ফোন করেন, তখন বুঝতে হবে, সেই সেলিব্রিটির সত্যিই অনেক ভক্ত আছে।’
সবচেয়ে বেশি ভাল লাগে কাদের? –এমন প্রশ্নে জনপ্রিয় এ মডেলের জবাব, ‘বাচ্চাদের’। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো লাগে যখন বাচ্চারা আমাকে ফোন করে, তাদের ভালোলাগার কথা প্রকাশ করে। বেশি ভালোলাগার একটা কারণও রয়েছে, তা হলো বাচ্চারা পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত থাকে। যতটুকু টিভি দেখার সময় পায়, সেখান থেকে তারা শুধু তাদের প্রিয় শিল্পীদের কথাই মনে রাখে। তাই বাচ্চাভক্তরা আমার কাছে স্পেশাল।’
আগামীকাল বুধবার বৈশাখী টেলিভিশনের নিয়মিত সেলিব্রিটি শো ‘আলাপ’-এ থাকবেন ইমি। তাঁর জীবন ও কাজের নানা দিক প্রকাশ করবেন ভক্তদের সামনে। পাশাপাশি ফোনে সরাসরি কথেও বলবেন ভক্তদের সঙ্গে।
‘আলাপ’-এর প্রযোজক পলাশ মাহবুব। তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হয় এ অনুষ্ঠান। ফোনের পাশাপাশি এসএমএসের মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। কালকের পর্বটি উপস্থাপনা করবেন পারিহা লিমা।

নাইস নূর