প্রকাশিত হলো ‘বেঁচে থাকার গান’ ও ‘বাংলার ছেলে’
দুটি গানের অ্যালবাম বাজারে নিয়ে এসেছে নতুন অডিও প্রতিষ্ঠান ‘গানবাজ’। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করা হয়। গানবাজের নতুন দুই অ্যালবাম হলো নবাব আমিনের কথা ও সুমন কল্যাণের সুর-সংগীতের মিশ্র অ্যালবাম ‘বেঁচে থাকার গান’ এবং অর্ণব সুমনের কথা, সুর ও কণ্ঠে ‘বাংলার ছেলে’।
‘বেঁচে থাকার গান’ অ্যালবামটিতে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিনাত জাহান মুন্নী, মুহিন, নিশিতা বড়ুয়া, সুমন কল্যাণ, ঐশী, সানিয়া রমা ও রবিন।
অন্যদিকে ‘বাংলার ছেলে’ অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ, বিপ্লব বড়ুয়া ও মিঠু হাসান।
অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, স্বনামধন্য গীতিকার শহিদুল্লাহ ফরায়েজি, সংগীতশিল্পী ঐশী, গানবাজের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল অটল প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘নতুন একটি অডিও প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করল। যাঁরা এ প্রতিষ্ঠানটিকে নিয়ে এলেন, তাঁদের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকল। নতুন দুটি অ্যালবামের পেছনে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্যও সাফল্য কামনা করছি। শ্রোতা-দর্শকদের সহযোগিতা পেলে তরুণরা সংস্কৃতির সুফল দিয়ে যেতে পারবে।’
অ্যালবাম প্রসঙ্গে গীতিকার নবাব আমিন বলেন, “আমার চিন্তাভাবনা, আমার অস্তিত্ব, আমার স্বপ্ন, আমার লেখা প্রথম কোনো অ্যালবামের সব গান, আমার সন্তান ‘বেঁচে থাকার গান’। সবাই দোয়া করবেন।”
এদিকে ‘বাংলার ছেলে’ প্রসঙ্গে অর্ণব বলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে গানের কথা, সুর করার চেষ্টা করেছেন তিনি। অর্ণবের বিশ্বাস, গানগুলো রুচিশীল বাংলা গানের শ্রোতাদের কাছে মন্দ লাগবে না।

ফিচার ডেস্ক