এপ্রিলে ইশিকার বিয়ে
এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইশিকা খান বিয়ে করতে যাচ্ছেন। ইশিকার হবু বর কায়সার খান লন্ডনপ্রবাসী। পেশায় তিনি ব্যবসায়ী। প্রেমের সম্পর্ক নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ের আয়োজন করা হচ্ছে বলে জানান ইশিকা।
আগামী ৩০ মার্চ ইশিকার গায়ে হলুদ, ১ এপ্রিল বিয়ে এবং ৩ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানান ইশিকা।
এ বিষয়ে ইশিকা বলেন, ‘হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিতে হলো। পরিবারের পছন্দই আমার পছন্দ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
এদিকে কায়সার খানের সঙ্গে কীভাবে পরিচয় হয়েছে জানতে চাইলে ইশিকা বলেন, ‘আমাদের এক আত্মীয়র মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয়। বিয়ে নিয়ে আমাদের মাঝে কোনো আলোচনা হয়নি। দুই পরিবার নিজেরা আলোচনা করে আমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে ইশিকার হবু বরের পরিবারের সবাই লন্ডন প্রবাসী। তাই বিয়ের পর লন্ডন-ঢাকা যাওয়া আসার মধ্যেই থাকবেন ইশিকা। যখন দেশে থাকবেন তখন নিয়মিত অভিনয় ও মডেলিং করবেন বলে জানান তিনি।
আসছে ঈদ উপলক্ষে এখন বেশ-কিছু নাটকের কাজ করে ব্যস্ত সময় পার করছেন ইশিকা।

ফিচার ডেস্ক