‘ওই মেয়েটা কে ছিল’-সিদ্ধার্থকে প্রশ্ন আলিয়ার
কয়েকদিন আগেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা গিয়েছিল এক অচেনা তরুণীকে। কে তিনি—এই প্রশ্নের জবাব না দিয়েছেন সিদ্ধার্থ, না খোঁজ বের করতে পেরেছে অতি-উৎসুক গণমাধ্যম। তবে বিষয়টি নিয়ে আলিয়া ভাট নির্ঘাত চটেছেন, এমন গুজব রটতে সময় লাগেনি একটুও! আলিয়া আর সিদ্ধার্থর বন্ধুত্বকে বন্ধুত্বের চেয়েও ‘একটু বেশি’ বলা হয় কি না!
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অবশ্য জানা গেল, এ বিষয়ে আলিয়া মোটেও রাগেননি; মানে এ রকম কোনো মন্তব্যই তিনি করেননি। ‘আমি একেবারেই সিদ্ধার্থর সঙ্গে এ নিয়ে ঝগড়ায় যাইনি। ওর সঙ্গে ঝগড়াঝাঁটি করার কোনো কারণই নেই আমার। ও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু’—বলেন আলিয়া।
আলিয়া আরো বলেন, ‘আমি সিডকে (সিদ্ধার্থ মালহোত্রা) অনেক দিন ধরে চিনি। আমরা একসঙ্গে শুরু করেছিলাম, আর আমরা অনেকটা সময়ও একসঙ্গে কাটিয়েছি। আমাদের সম্পর্ক খুবই ভালো, আর সে সব সময়ই আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ।’
ঝগড়ার কথা অস্বীকার করলেও ‘রহস্যময়ী’ কন্যার বিষয়ে অস্বীকার করেননি আলিয়া। তিনি জানান, সিদ্ধার্থকে তিনি জিজ্ঞেস করেছিলেন এ বিষয়ে। ‘আমি ওকে বলেছিলাম যে ও মেয়েটার সঙ্গে ডিনারে গিয়েছিল কি না। তবে ও জানিয়েছে যে ও কোনো ডিনারে যায়নি’, এভাবেই পুরো বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আলিয়া।
২০১২ সালের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার। করন জোহর নির্মিত এই ছবিতে অভিষেক ঘটেছিল বরুণ ধাওয়ানেরও। তিনজনই এখন বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় এবং সফল শিল্পী।

ফিচার ডেস্ক