ঐশ্বরিয়া-অভিষেকের অষ্টম বিবাহবার্ষিকী
সময় দ্রুত গড়ায়। এমন করেই কেটে গেল সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া এবং অমিতাভপুত্র অভিষেক বচ্চনের বিবাহিত জীবনের আটটি বছর। আট বছর আগে এই দিনটিতেই মালাবদল করেছিলেন বলিউডের এই দুই সেলিব্রেটি তারকা। তবে অষ্টম বিবাহবার্ষিকী বেশ চুপচাপ আর পারিবারিকভাবেই পালন করবেন তাঁরা বলে জানা গেল ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে।
বিবাহবার্ষিকী নিয়ে তেমন কোনো বিশাল আয়োজন করবেন না তাঁরা। অভিষেক এবং ঐশ্বরিয়া, দুজনেরই ব্যস্ত সময় যাচ্ছে এখন। সেইসাথে আবার মেয়ে আরাধ্যর দেখভালের বিষয় মাথায় রাখতে হয় সবসময়। তাই পরিবারের সবাই একসাথে বসে রাতের খাবার খাবেন, এটাই তাঁদের উদযাপন। এর আগে সন্ধ্যায় পরিবারের কিছু বন্ধু আসবেন তাঁদের বাসায়।
ঐশ্বরিয়া এখন ব্যস্ত সঞ্জয় গুপ্তের ‘জ্যযবা’ ছবির শুটিংয়ে। গতকালকের দিনটিও তিনি ব্যস্তভাবে কাটিয়েছেন শুটিংয়ে, যাতে আজকের দিনটি কাটাতে পারেন পরিবারের সাথে। অন্যদিকে, অ্যাশের সাথে যোগ দিতে গতকাল রাতে লন্ডন থেকে উড়াল দিয়ে মুম্বাই চলে এসেছেন অভিষেক বচ্চন।
গণমাধ্যমের অতীত গল্প হাতড়ে দেখা যায়, ২০০৬ সালে জে পি দত্তের ‘উমরাও জান’ ছবির শুটিংয়েই মন দেওয়া-নেওয়ার শুরু অভিষেক-ঐশ্বরিয়ার। এ ছবিতে ঐতিহাসিক ‘উমরাও জান’ চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া, আর নওয়াব সুলতান চরিত্রে অভিষেক। দুজন মিলে আরো কাজ করেছেন ‘ধাই অক্ষর প্রেম কি’, ‘কুছ না কহো’, ‘ধুম : ২’ এবং ‘গুরু’ ছবিতে।
২০০৭ সালে পারিবারিকভাবে বিয়ে হয় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের।

সামি আল মেহেদী