ঈদে আসছে জমজমাট ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’
পবিত্র ঈদুল ফিতরে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) । ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে জমজমাট ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’। গানটি প্রকাশ পচ্ছে চাঁদ রাতে।
সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সামজ ভাইয়ের কথা, প্রাণবন্ত সুর ও কন্ঠ মিলিয়ে তৈরি করা হয়েছে আইটেম ঘরানার এই গানটি, যা তরুণ প্রজন্মসহ সব শ্রোতার কাছেই আলাদা আবেদন তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন শোভন রায়।
গানটির ভিডিওতেও রয়েছে চমক। এতে অভিনয় করেছেন বিনোদন জগতের জনপ্রিয় দুই মুখ। একজন প্রাঙ্ক কিং অভিনেতা খ্যাত শান্ত এবং অন্যজন আলোচিত মডেল অবন্তিকা রহমান। নাচ, গ্ল্যামার ও মনোমুগ্ধকর সেটে চিত্রায়িত ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান বিল্লাল এবং ডিওপি হিসেবে কাজ করেছেন ইয়াসিন বিন আরিয়ান। গান -ভিডিওতে বিশেষ আকর্ষন হিসেবে আছে সময়ের জনপ্রিয় র্যাপার মি. রিজান।
গানটি নিয়ে উচ্ছ্বসিত সামজ জানালেন, ’আধুনিক সংগীত, র্যাপ, আকর্ষণীয় কোরিওগ্রাফি এবং চমৎকার চিত্রায়ণের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে। ঈদের উৎসবমুখর পরিবেশে গানটি সবার মধ্যে নতুন আমেজ ছড়িয়ে দেবে বলে আমি আশা প্রকাশ করছি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটির ভিডিও ঈদের আগের দিন (চাঁদ রাতে) প্রকাশ করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

বিনোদন প্রতিবেদক