অনুষ্ঠিত হলো ফ্যাশন উদ্যোগ বৈশাখী ফ্যাশন শো ১৪২৩
দেশীয় তাঁতিদের তৈরি পোশাকের বাজার তৈরির বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন উদ্যোগ বৈশাখী ফ্যাশন শো ১৪২৩’।
প্রাণ লেয়ার-এর পৃষ্ঠপোষকতায় গত ৯ এপ্রিল শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আজকের এই আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মানানসই। ফ্যাশন মূলত তরুণদের জন্য। তবে সেখানে জায়গা আছে সবার। পহেলা বৈশাখ একটি অসাম্প্রদায়িক উৎসব। এখানে সব শ্রেণি যুক্ত হয়। গত কয়েক বছরে এই উৎসবের সঙ্গে পোশাকও যুক্ত হয়েছে, যা আমাদের ঐতিহ্যের বাইরে নয়।’
ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) আয়োজিত ফ্যাশন শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ ও বরেণ্য অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতায় আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘আমাদের ফ্যাশনে নকশার পরিবর্তন এসেছে। তবে গুণগত মানের দিকটা যেন ঠিক থাকে সে বিষয়ে বিশেষ অনুরোধ করব ফ্যাশন হাউস মালিকদের প্রতি।’
কোরিওগ্রাফার আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে ফ্যাশন শোতে অঞ্জন’স, দেশাল, নিপুণ, এবি ফ্যাশন মেকার, এম ক্র্যাফট, বিবিয়ানা, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, সাদাকালো, টাঙ্গাইল শাড়ি কুটির, মিয়াবিবিসহ এফইএবির সদস্য প্রতিষ্ঠানগুলোর বৈশাখী পোশাকে র্যাম্পের রানওয়ে আলোকিত করেন দেশসেরা মডেলরা।
এই আয়োজনের বিশেষ আর্কষণ ছিল জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। এ ছাড়া বাঙালির জীবন-সংস্কৃতিতে দেশীয় ফ্যাশন শিল্পের বিকাশ নিয়ে এক নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপন করেন শিক্ষাবিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর।

ফিচার ডেস্ক