রেশমি ও কোমল চুলের তিন জাদুকরী উপাদান
রুক্ষতার কারণে চুল মাঝখান থেকে ভেঙে যায়, খসখসে হয়ে যায় এবং চুল পড়ে যায়। আর বর্ষার মৌসুমে চুল একটু বেশিই রুক্ষ হয়। কারণ, কখনো চুলে সূর্যের তাপ বেশি লাগে, কখনো বৃষ্টির পানি চুলে লাগে, যা ভালোভাবে পরিষ্কার করা হয় না।
আর এসব কারণে চুলের নমনীয়তা নষ্ট হয়। এ ক্ষেত্রে তিনটি প্রাকৃতিক উপাদান চুলকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে। জানতে চান উপদান তিনটি কী কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই পরামর্শ একবার দেখে নিতে পারেন।
যা যা লাগবে
অ্যালোভেরার রস, নারকেল তেল ও নারকেলের দুধ। অ্যালোভেরার রসে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড ও প্রোটিন রয়েছে, যা মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং চুলের রুক্ষতা দূর করে। অন্যদিকে নারকেলের দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস রয়েছে, যা চুলকে নরম করে। আর নারকেলের তেল চুলের সব ধরনের সমস্যার সমাধান করে। এ ছাড়া এটি প্রাকৃতিক কন্ডিশনারেরও কাজ করে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে পাঁচ টেবিল চামচ অ্যালোভেরার রস নিয়ে ভালো করে ফেটে নিন। এবার এর মধ্যে চার টেবিল চামচ নারকেলের দুধ ও তিন টেবিল চামচ নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক পুরো চুলে ও মাথার তালুতে ভালো করে লাগান। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে সেই তোয়ালে দিয়ে পুরো মাথা ঢেকে রাখুন। এক ঘণ্টা অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরদিন ১২ ঘণ্টা পর চুলে শ্যাম্পু করুন। দেখবেন, রুক্ষতা দূর হয়ে চুল নরম ও মসৃণ হবে।

ফিচার ডেস্ক