বর্ষায় বিদ্যুৎ বিল কমাবে এসির ‘ড্রাই মোড’: জেনে নিন ব্যবহারের নিয়ম
বর্ষার দিনে বাইরের ভ্যাপসা গরম আর ঘরের ভেতরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে এসির জুড়ি নেই। তবে এই মৌসুমে ভুল মোডে এসি চালালে ঘরের অস্বস্তি তো কমেই না, উল্টো বিদ্যুৎ বিল আকাশচুম্বী হতে পারে। বর্ষাকালে ঘরকে আরামদায়ক রাখা এবং একই সাথে বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য এসির সঠিক মোড চেনা অত্যন্ত জরুরি।
তীব্র গরমে ‘কুল মোড’, কিন্তু বর্ষায় নয়
সাধারণত গ্রীষ্মের তীব্র দাবদাহে ঘর দ্রুত ঠান্ডা করার জন্য আমরা কুল মোড (Cool Mode) ব্যবহার করি। এই মোডে এসির কম্প্রেসরকে অনেক বেশি কাজ করতে হয়, যার ফলে বিদ্যুৎ খরচও হয় প্রচুর। গরমের দিনে এই মোড কার্যকর হলেও, বর্ষাকালে এটি তেমন কাজে আসে না। কারণ বর্ষায় বাইরের তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। এই সময়ে কুল মোড চালালে ঘরের চটচটে ভাব দূর হয় না এবং অহেতুক বিদ্যুৎ বিল বাড়ে।
বর্ষার সেরা সমাধান: ‘ড্রাই মোড’
এসি প্রস্তুতকারক কোম্পানি ও বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালের আবহাওয়ার জন্য সবচেয়ে উপযোগী হলো ড্রাই বা ডিহিউমিডিফাইড মোড (Dry/Dehumidified Mode)।
আর্দ্রতা নিয়ন্ত্রণ: এই মোডের প্রধান কাজ হলো ঘর থেকে অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব দূর করা।
বিদ্যুৎ সাশ্রয়: ড্রাই মোডে দিলে এসির কম্প্রেসর কুল মোডের তুলনায় অনেক কম শক্তি খরচ করে। ফলে ঘর অতিরিক্ত ঠান্ডা না হয়েই বেশ আরামদায়ক ও শুষ্ক হয়ে ওঠে, যা আপনার ইলেকট্রিক বিল অনেকটাই কমিয়ে আনে।
এসি ভালো রাখতে কিছু জরুরি টিপস
বর্ষার দিনগুলোতে সঠিক নিয়মে এসি চালালে যন্ত্রটি নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে এবং দীর্ঘদিন ভালো থাকবে:
রিমোটের পানির ফোঁটা (Water Drop) চিহ্নিত আইকনটি চেপে ড্রাই মোড চালু করুন।
ঘর দ্রুত ঠান্ডা ও আরামদায়ক করতে এই মোড দারুণ কার্যকর।
কম শক্তি খরচের কারণে এসির ওপর বাড়তি চাপ পড়ে না, ফলে কম্প্রেসরের স্থায়ীত্ব বাড়ে।
বর্ষাকালে কেবল মোড পরিবর্তনের মাধ্যমেই আপনি ঘরের চটচটে গরম থেকে মুক্তি পেতে পারেন এবং একই সাথে পকেটের টাকাও বাঁচাতে পারেন।

ফিচার ডেস্ক