ডায়াবেটিস কখন মাপবেন? ঘুম থেকে উঠে, নাকি নাশতার ১-২ ঘণ্টা পর
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো নিয়মিত রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা পরীক্ষা করা। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে—সুগার মাপার সবচেয়ে উপযুক্ত সময় কখন? ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই, নাকি সকালের নাশতার এক থেকে দুই ঘণ্টা পরে? বিশেষজ্ঞদের মতে, এই প্রশ্নের উত্তর জানলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আরও কার্যকর হতে পারে।
কেন খালি পেটে সুগার পরীক্ষা জরুরি
দিনের বেলা খাবার গ্রহণের পর স্বাভাবিকভাবেই রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা বেড়ে যায়। তাই শরীরে রক্তে শর্করার অবস্থা জানতে খালি পেটে সুগার পরীক্ষা সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হয়। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায়, খাবারের প্রভাব ছাড়াই শরীর কতটা কার্যকরভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করছে। আবার কারও খালি পেটে সুগার যদি বেশি হয়, তা হলে বুঝতে হবে, দেহে ইনসুলিন ভাল করে কাজ করছে না।
কখন মাপলে সবচেয়ে সঠিক ফল মিলবে?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সকালে ঘুম থেকে ওঠার পর, কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ না করে সুগার পরীক্ষা করা উচিত। সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা না খেয়ে থাকার পর রক্তে প্রকৃত অর্থে কতটা শর্করা রয়েছে, তা জানা সম্ভব। এই পরীক্ষাকে খালি পেটের সুগার (ফাস্টিং ব্লাড সুগার) পরীক্ষা বলা হয়।
অন্যদিকে, নাশতার এক থেকে দুই ঘণ্টা পর সুগার মাপলে সুগারের পরিমাণও বেশি থাকবে। ফলে এই দুটি পরীক্ষার উদ্দেশ্য আলাদা। খালি পেটের পরীক্ষায় সারারাত শরীর কীভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করেছে তা জানা যায়, আর খাবারের পরের পরীক্ষায় বোঝা যায় প্রাপ্ত সুগারের মান থেকে ওই ব্যাক্তর দেহ কীভাবে খাবার গ্রহণ করছে, তার সঠিক ধারণা পাওয়া যায়।
যে বিষয়গুলো মনে রাখবেন
সঠিক ফলাফল পেতে অন্তত ৮ ঘণ্টা না খেয়ে থাকার পর রক্তে শর্করা পরীক্ষা করা উচিত। ঘুম থেকে ওঠার পর পরীক্ষা করার আগে চা, কফি, জুস কিংবা অন্য কোনো পানীয় পান করে সুগার মাপলে ভুল রিডিং আসতে পারে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক সময়ে পরীক্ষা করার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
বিঃদ্রঃ উপরোক্ত তথ্য সাধারণ স্বাস্থ্যসচেতনতার জন্য। ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ বা চিকিৎসা-পরিকল্পনা সম্পর্কে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

ফিচার ডেস্ক