রেসিপি
ফিলিপাইনের ঐতিহ্যবাহী ‘বিফ কালদেরেটা’
খাবারের কোন ভৌগোলিক সীমারেখা নেই। আর যদি সেই খাবারের সাথে ৩০০ বছরেরও বেশি ইতিহাস জড়িত থাকে, তবে তো কথাই নেই। বলছি ফিলিপাইনের অন্যতম বিখ্যাত পদ বিফ কালদেরেটা। পুরাতন আমলে কড়াইয়ের সামান্য আচেঁ রান্না করা টক, ঝাল ও মিষ্টি মাংসের ঝোলই সময়ের সঙ্গে ফিলিপাইনের বিখ্যাত পদে পরিণত হয়েছে। ঐতিহ্যগতভাবে এই রেসিপির ঝোল ঘন এবং স্বাদ বৃদ্ধি করতে হাঁস বা মুরগির কলিজার পেস্ট ব্যবহার করা হয়। তবে এখানে সামান্য পরিবর্তন এনে ব্যবহার করা হয়েছে চিজ। চিজের উপস্থিতি শুধু রেসিপিটিকে সহজই করেনি, বরং ঝোলে এনেছে চমৎকার এক ক্রিমি টেক্সচার। তো আসুন বানিয়ে ফেলা যাক মজাদার বিফ কালদেরেটা। তার আগে চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে।
উপকরণ
গরুর মাংস এক কেজি বোন লেস (বড় টুকরো করে কাটা),
রান্নার তেল :১/২কাপ,
বাটার ১ টেবিল চামচ,
পেঁয়াজ কুচি ২ টি, রসুন কুচি ১ টেবিল চামচ,
১টি গাজর কিউব করে কাটা,
১টি লাল ও সবুজ ক্যাপসিকাম,
আলু ২টি বড় কিউব করে কাটা,
মেরিনেশনের জন্য: সয়া সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, কালো গোল মরিচের গুঁড়া ১/২ চা চামচ,
টমেটো সস ১ কাপ
গ্রেইট করা চিজ (Processed Cheddar/ Sliced Cheese) ১০০ গ্রাম,
চিলি ফ্লেক্স ১ চা চামচ
সবুজ জলপাই ৬০ গ্রাম,
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
ম্যারিনেশনের জন্য গরুর মাংসে সয়া সস, পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুড়ো দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে আলু, গাজর ও ক্যাপসিকাম হালকা ব্রাউন করে ভেজে তুলে নিন।
কড়াইতে বাকি তেল নিয়ে পেঁয়াজ-রসুন দিয়ে ভাজুন। গরুর মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মাংসের রং হালকা বাদামি হওয়া পর্যন্ত কষাতে থাকুন।
এবার টমেটো সস ও হালকা গরম পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। চুলার জ্বাল মিডিয়াম রেখে কড়াই ঢেকে দিয়ে সামান্য আচেঁ মাংস নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মধ্যে নেড়ে দিন যেন কড়াইয়ের নিচে লেগে না যায়।
মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে এলে সম্পূর্ণ চিজ ও চিলিফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার আগে থেকে ভেজে রাখা আলু, গাজর, ক্যাপসিকাম ও সবুজ জলপাই মিশিয়ে নিন।
এরপর মাঝারি আচেঁ ১০ মিনিট ফুঁটিয়ে ঝোল ঘন হয়ে আসলে স্বাদ অনুযায়ী লবণ ও কালো গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন।
সবশেষে পরোটা বা ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা মজাদার ক্রিমি বিফ কালদেরেটা পরিবেশন করুন।

ফিচার ডেস্ক