পূজার রেসিপি
জিভে জল আনা নিরামিষ বিরিয়ানি
পূজায় রান্না করতে পারেন নিরামিষ বিরিয়ানি। এটি খেতে খুবই সুস্বাদু। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই বিরিয়ানি।
উপকরণ
বাসমতী চাল আধা কেজি
ফুলকপি কুচি আধা কাপ
গাজর কিউব করে কাটা আধা কাপ
আলু কিউব করে কাটা আধা কাপ
পনির আধা কেজি
জয়ফল-জয়ত্রী গুঁড়া সামান্য
কাজুবাদাম ১০টি
দারুচিনি দুই টুকরা
এলাচ তিনটি
মরিচের গুঁড়া সামান্য
ঘি পরিমাণমতো
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে প্যানে ঘি দিয়ে কিউব করে কাটা পনিরগুলো বাদামি করে ভেজে নিন। এবার এই ঘিতে ফুলকপি, আলু ও গাজর ভেজে নিন। এরপর প্যানে গরম মসলা দিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাসমতী চাল দিয়ে ভাজতে থাকুন। এর মধ্যে মরিচের গুঁড়া, জয়ফল-জয়ত্রী গুঁড়া, কাজুবাদাম কুচি ও লবণ দিয়ে নেড়ে পানি দিয়ে দিন। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। একটু পর ভাজা পনিরগুলো দিয়ে নেড়ে অবারও ঢাকনা দিয়ে ঢেকে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে কিছুক্ষণ দমে রাখুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ বিরিয়ানি।

ফিচার ডেস্ক