পাঠকের কলাম
কিশোর গ্যাং কি শুধুই উত্তরায়?
সম্প্রতি আদনান হত্যার পরই সবার নজরে আসে উত্তরার কিছু কিশোর গ্যাংয়ের দিকে, যেখানে তারা গড়ে তুলেছে নিজেদের সাম্রাজ্য। আবার সাম্রাজ্য রক্ষায় তারা জড়িয়ে পড়ে যুদ্ধে। যে যুদ্ধ শুধু হাতাহাতি পর্যায়ে থাকে না, চলে যায় অস্ত্রবাজিতে। কিন্তু প্রশ্ন হলো, এই উঠতি বয়সী যুবকদের এই গ্যাং কি শুধু উত্তরায় নাকি পুরো দেশেই ছড়িয়ে গেছে।
দিন যত গড়াচ্ছে, পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়ছে। পাশ্চাত্য সংস্কৃতি আর দেশি সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা সংস্কৃতিতে রয়েছে কিছু অন্ধকারময় দিক। কিশোর গ্যাং মূলত তারই অংশ। কখনো মারামারি কিংবা কখনো বাইক নিয়ে শোডাউন, আবার কখনো দেয়ালে গ্রাফিতি করে নিজেদের আধিপত্য জানান দেয় এই গ্যাংগুলো।
শুধু উত্তরা কিংবা ঢাকা নয়, পুরো বাংলাদেশের শহরে কিংবা মফস্বলেও গড়ে উঠেছে এমন গ্যাং। আজ উত্তরার আদনান খুন হয়েছে, কাল হয়তো চিটাগাংয়ের আদনান! আমাদের সবার চোখের সামনেই গড়ে উঠছে গ্যাংগুলো। হয়তো কেউ আমরা খেয়াল করছি না, আবার কেউ খেয়াল করেও না দেখার ভান করছি। দেয়ালে গ্রাফিতি করছে, করুক! মারামারি করছে, করুক! উঠতি বয়সে একটু-আধটু করে থাকে, এমন ভেবেই অনেকে উড়িয়ে দিচ্ছেন বিষয়গুলো। কিন্তু এটুকু প্রশ্রয় দেওয়ার কারণে এই কিশোররা যে কতটা ভয়ংকর হয়ে উঠছে, তা আপনার কল্পনার বাইরে। আজই আপনার ঘরের সন্তানের খবর নিন। সে কী করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে। এর পরের আদনান যেন আপনার ঘরের কেউ না হয়!
লেখক : শিক্ষার্থী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মাহফুজ-বিন-মঈন