ভালো খবর ও নাটক মানেই এনটিভি
টেলিভিশনের পর্দাটা দেখলেই মন ভালো হয়ে যায়। চিরতরুণ, সবুজই তার প্রতীক। সবুজের ছোঁয়ায় মন সজীব হয়। সবুজের ভেতর সাদা। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে নিরন্তর হেঁটে চলাই যার কাজ।
দেশে একের পর এক টেলিভিশন আসছে। এটা আশার কথা। আর যা-ই হোক কিছু লোকের তো কর্মসংস্থান হচ্ছে। নতুন কিছু দেখার প্রত্যাশা বাড়ছে। নতুন কিছু দেওয়ার প্রতিযোগিতাও বাড়ছে। দর্শক কি আদৌ নতুন কিছু পাচ্ছে? দর্শকের চাহিদা মোতাবেক অনুষ্ঠান দেখাতে পারছে টেলিভিশন কর্তৃপক্ষ?
টেলিভিশন খুব একটা দেখার সময় পাই না। তারপরও টেলিভিশনে কিছু দেখতে মন চাইলে রিমোট হাতে নেওয়ার পর ঘোরাতে ঘোরাতে যে টিভিতে গিয়ে থেমে যাই, সেটা হচ্ছে এনটিভি। রাতের যদি কোনো খবর দেখি সেটা এনটিভির।
এর খবরের মান ভালো। ঢাকার বাইরে সারা দেশের খবর বেশ যাচাই-বাছাই করেই পরে নির্বাচিত করা হয়। ছবি ঝকঝকে। শব্দ স্পষ্ট। খবর নির্বাচন বেশ গোছানো। সব মিলিয়ে বিশ্বাসযোগ্য খবরই থাকে। কোনো রং চড়ানো সংবাদ থাকে না বললেই চলে। দেশের কোনো চলমান আন্দোলনের সময় সঠিক খবরটির জন্য সব বাদ দিয়ে এনটিভিকে একমাত্র ভরসা মনে হয়। কিন্তু কেন এ রকম মনে হয়? প্রায় সময় প্রশ্নটা জাগে। মালিকানা বিএনপির হলেও তেমন কোনো ছাপ থাকে না খবর পরিবেশনে। কিংবা টকশোতে নেই বাড়াবাড়ি। সাধারণ মানুষ এ রকম একটি নিরপেক্ষ টেলিভিশন বা মিডিয়াই আশা করে। এমন অনেক লোককে দেখেছি, যারা পোড় খাওয়া আওয়ামী লীগার, তারাও এনটিভির খবরকে অগ্রাধিকার দেয়। কারণ অন্য আওয়ামী ঘরানার টেলিভিশনগুলো তখন এত বেশি তেলামিতে ব্যস্ত থাকে যে প্রকৃত ঘটনা থেকে ক্ষাণিকটা আড়ালেই রয়ে যায় তারা।
আর নাটক বা টেলিফিল্ম বলতে এনটিভি অন্য একটা ধারণা তৈরি করেছে। নাটকের গল্প থেকে শুরু করে পরিচালকের পরিমিতিবোধ, সবকিছুতেই অনন্য। এ কথা সবাই স্বীকার করবে যে ঈদ বা বিশেষ দিনে এনটিভির নাটক বা টেলিফিল্ম মানেই অন্যরকম। শিল্পী নির্বাচন থেকে শুরু করে লোকেশন আর কাহিনী-সংলাপ সবকিছুই অন্য আট-দশটা টেলিভিশন থেকে আলাদা। নাটকের সংলাপে নেই ছ্যাবলামি। গ্রাম্য রসিকতা ছাড়াও মানুষকে হাসানো সম্ভব, এনটিভির নাটক দেখলে তা বোঝা যায়।
এদের ইসলামিক অনুষ্ঠানও বেশ মানসম্পন্ন। ইসলামিক জীবনবিধান সম্পর্কে সুন্দর এবং বেশ গোছানো আলাপচারিতায় উঠে আসে ইসলামের নীতিনৈতিকতা। ছোটদের নিয়ে এদের চিন্তাভাবনা ভালো। হাসি নিয়ে আর কোনো টেলিভিশন অনুষ্ঠান করে কি না জানা নেই। এনটিভির হা-শো অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়। এ ছাড়া রয়েছে গান নিয়ে লাইভ অনুষ্ঠান। রুচিশীল মনোমুগ্ধকর। কী উপস্থাপনায়, কী পরিমিতিবোধের দিক দিয়ে।
এই ধারাবাহিকতা বজায় থাকবে আগামীতেও—এই আশা থাকল। জন্মদিনের শুভেচ্ছা এনটিভিকে।
লেখক : ছড়াকার ও সাংবাদিক।

সারওয়ার-উল-ইসলাম