রামপালে বিদ্যুৎকেন্দ্রের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় মানববন্ধন
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে পার্লামেন্ট ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় ‘সেভ সুন্দরবন’, ‘সেভ রামপাল’ ইত্যাদি লেখা ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
বিক্ষোভ শেষে বাংলাদেশ হাইকমিশন অফিসের মাধ্যমে বাংলাদেশিদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ মনিরুজ্জামান, সিদ্দিকুর রহমান কমল, নিউটন মুহুরী, রাশা বিনতে মহিউদ্দিন, কামরুল আহসান খান, নাজনীন আনোয়ার, আশরাফুল আলম রাজুসহ অনেকে। বাংলাদেশিদের পাশাপাশি ছিলেন অস্ট্রেলীয় অনেক শুভানুধ্যায়ীও।
মানববন্ধন থেকে বক্তরা বলেন, পৃথিবীর উন্নত দেশগুলো যখন সম্মিলিতভাবে কার্বন নিঃসরণ কমাতে প্রতিজ্ঞাবদ্ধ ও ক্লিন এনার্জি নিয়ে নানা রকম পদক্ষেপ নিচ্ছে, সেখানে কার্বন বা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করে। তাই এই আত্মঘাতী সিদ্ধান্তের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অনলাইন ডেস্ক