মালয়েশিয়ায় বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির কোরআন প্রতিযোগিতা
পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া’র উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) কুয়ালালামপুরের রাজা লাউট কিংস্টোন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
মো. জুবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য ও ডেপুটি প্রেসিডেন্ট (টিংকু জারিল সুলাইমান) দাতো ডা. হাসনিজাল হাসান। সম্মানিত অতিথি ছিলেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন (সিআইপি), দাতো রওশন দাস, আবু বক্কর সিদ্দিক (নাছিম), মোহাম্মদ শারিফুল ইসলাম শরিফ, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও মোহাম্মদ আজিজুল হক।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ ও হাফেজ মাওলানা ইকরামুল হক। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়া মালয়েশিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ রাজু, ফাউন্ডার সেক্রেটারি মোহাম্মদ রমজানসহ অন্য সদস্যরা আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।
অনুষ্ঠানে বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সহ-সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আব্দুল মজিদ, খান তারিকুল, মোহাম্মদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগসহ সংগঠনের সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া