মালয়েশিয়ায় স্ট্রোক করে প্যারালাইজড, প্রবাসীদের সহায়তায় দেশে ফিরলেন দেলোয়ার
পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে ২০ বছর আগে চাকরি নিয়ে মালয়েশিয়ায় যান চাঁদপুরের মো. দেলোয়ার হোসেন (৫১)। তিনি কাজ করতেন দেশটির জহরবারু রাজ্যের কনস্ট্রাকশন প্রজেক্টে। বৈধ পাসপোর্ট পারমিট ও কর্ম হারান তিনি। স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান দেলোয়ার।
চলাফেরা ও কথা বলতে না পারায় মানবেতর জীবনযাপন করতেন দেলোয়ার। তা দেখে মানবিক সহযোগিতায় এগিয়ে আসেন বাংলাদেশি কিছু তরুণ প্রবাসী ও স্থানীয় মালয়েশিয়ান নারী। দেলোয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে দ্রুত উদ্ধার করা হয়। এরপর প্রথমে দূতাবাস ও পরে পুত্রাজায়া ইমিগ্রেশন নিয়ে ফিঙ্গার প্রিন্ট করে স্পেশাল পাস সংগ্রহ করা হয়। সবশেষে দেলোয়ারকে দেশে স্বজনদের কাছে পাঠানো হয়।
আর এসব ব্যবস্থা করেন মালয়েশিয়ান নারী ড. চাঁদনীসহ বাংলাদেশি প্রবাসী কিছু উদ্যমী যুবক। যাদের মধ্যে রয়েছেন—মো. শামীম সরকার, মাহফুজুর রহমান মো. আরাফাত, মো. আব্দুল্লাহ, মো. দিপু, মো. আদনান, আলমগীর হোসেন, মো. আশরাফ, মো. হেলাল হোসেন, রাজিব হোসেন, মো. সোহেল, আজিজুল হকসহ আরও অনেকে।
স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইউএস বাংলার একটি ফ্লাইটে দেলোয়ারকে দেশে পাঠানো হয়।
এছাড়াও এ সপ্তাহে ওই প্রবাসী যুবকরা শরীয়তপুরের নড়িয়ার বাসিন্দা আমির হোসেন তালুকদারকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। দীর্ঘ ২৭ বছর ধরে একটি নির্জন জঙ্গলে নিখোঁজ ছিলেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ট্রাভেল পারমিট ও স্পেশাল পাসসহ সার্বিক সহায়তা করে দেশে পাঠানো হয়।
কিন্তু ওই যুবকরা দুঃখ প্রকাশ করে বলেন, আমির হোসেন বাংলাদেশে যাওয়ার পর তাদের অবদানের কথা না বলে ভিন্ন খাতে বিষয়টি প্রচার করেছেন। মালয়েশিয়ায় একটি কথা প্রচলিত রয়েছে, এখানে গুরুতর অসুস্থ হওয়া মানে নিশ্চিত মৃত্যু। তার কারণ এখানে দেখার কেউ থাকে না। এছাড়া হাসপাতালে যে বিল আসে তা কোনো প্রবাসীর পক্ষে পে করা সম্ভব হয় না বিভিন্ন জটিলতার কারণে। মালয়েশিয়ার হাসপাতালের বিল সিঙ্গাপুরের থেকেও বেশি।
উদ্যমী প্রবাসী যুবকরা জানান, তারা দীর্ঘ সময় ধরে অসুস্থ রোগীদের মানবিক সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও অসহায় প্রবাসীর পাশে থাকবেন বলে তারা প্রতিশ্রুতি পূণর্ব্যক্ত করেন। পাশাপাশি দেলোয়ার দেশে ফেরার পর তার চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন তারা।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া