সিতি হাসমাহর স্মৃতিময় ছবি প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সীতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোকের আবহে স্মৃতিময় কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ও সাবেক উপপ্রধানমন্ত্রী ডাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ১০০ বছর বয়সে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তুন ড. সীতি হাসমাহ। পরবর্তীতে পুত্রাজায়ার পুসারা নেগারায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
সীতি হাসমাহর প্রয়াণের পর থেকে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার অবদানের কথা স্মরণ করছেন। তারই ধারাবাহিকতায় ওয়ান আজিজাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ড. সীতি হাসমাহর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও হৃদ্যতার নানা মুহূর্তের ছবি শেয়ার করেন।
প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে দুই ব্যক্তিত্বকে অত্যন্ত আন্তরিক ও ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। অন্যান্য ছবিতে তাদের পারিবারিক ও সামাজিক নানা আয়োজনে একসঙ্গে অংশ নেওয়ার স্মৃতি ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে, যা দুই পরিবারের দীর্ঘদিনের গভীর ও পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্কের উজ্জ্বল নিদর্শন হিসেবে তুলে ধরছেন নেটিজেনরা।
ড. সীতি হাসমাহর প্রয়াণে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে শ্রদ্ধার সঙ্গে কাক হাসমাহ হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, সীতি হাসমাহ ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের, দৃঢ়চেতা এবং মায়ের মতো স্নেহশীল একজন মানুষ। আনোয়ার ইব্রাহিম ও ওয়ান আজিজাহ দম্পতি সীতি হাসমাহকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজাস্থলে উপস্থিত হন এবং শোকসন্তপ্ত মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের আধুনিকায়নে তুন ড. সীতি হাসমাহর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের প্রথমদিকের নারী চিকিৎসকদের একজন হিসেবে তিনি আজীবন চিকিৎসা সেবায় নিবেদিত ছিলেন। তার এই প্রয়াণে দেশটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহল থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া