সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জার্মানিতে সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ পৌঁছেছে প্রতি ঘণ্টায় ৯০.২ টেরাওয়াট, যা ২০২৫ সালের পুরো বছরের মোট উৎপাদনকেও ছাড়িয়ে গেছে।
বার্লিনভিত্তিক জার্মান সোলার অ্যাসোসিয়েশন (বিএসডব্লিউ-সোলার) জানিয়েছে, এ বছর দেশটিতে সূর্যালোকের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পাশাপাশি দ্রুত বেড়েছে ফোটোভোল্টাইক বা সৌরবিদ্যুৎ স্থাপনার সংখ্যা। ফলে বছরের শেষে সৌরবিদ্যুৎ উৎপাদন ১০০ টেরাওয়াট প্রতি ঘণ্টার মাইলফলক অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তুলনামূলক হিসেবে বলা যায়, এই পরিমাণ বিদ্যুৎ হামবুর্গের মতো একটি বড় শহরের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১০ গুণ। ২০ বছর আগে জার্মানিতে সৌরবিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ২.২ টেরাওয়াট-ঘণ্টা।
বিএসডব্লিউ-সোলারের প্রধান নির্বাহী কার্স্টেন কোরনিগ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার ভাষায়, “ফোটোভোল্টাইক প্রযুক্তি এখন আর কোনো প্রান্তিক প্রযুক্তি নয়, বরং বিদ্যুৎ সরবরাহব্যবস্থার অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে। সৌরশক্তির বিস্তার সস্তা বিদ্যুৎ, জ্বালানি আমদানির খরচ কমানো এবং জলবায়ুজনিত ক্ষতি হ্রাসে সহায়তা করছে।
বর্তমানে জার্মানির মোট বিদ্যুৎ উৎপাদনের ১৭.৮ শতাংশ আসে সৌরশক্তি থেকে। দেশটির নিজস্ব উৎপাদিত বিদ্যুতের উৎসগুলোর মধ্যে বায়ুশক্তি প্রথম, কয়লা দ্বিতীয় এবং সৌরশক্তি তৃতীয় অবস্থানে রয়েছে।

ডয়চে ভেলে