যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে বসবাসরত এক ভারতীয় শিক্ষার্থীকে অনলাইনে ৩০ জনেরও বেশি কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
তদন্তে ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে অনলাইনে কিশোরীদের দিয়ে জোরপূর্বক যৌন কর্মকাণ্ড চালানোর প্রমাণ পাওয়া গেছে।
যুক্তরাজ্যের কর্তৃপক্ষ তাকে একজন “সিরিয়াল অনলাইন গ্রুমার” (অনলাইনে শিশুদের প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নকারী) হিসেবে অভিহিত করেছে। ৩০ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও আট বছর কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থী এর আগে তার বিরুদ্ধে আনা শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ৩৭টি অভিযোগের কথা স্বীকার করেছিলেন।
২০২২ সালের মে মাসে ডার্বিশায়ার পুলিশের কাছে এক ভুক্তভোগী তার ওপর হওয়া নির্যাতনের অভিযোগ জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে চেশায়ার শহরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অনলাইন চাইল্ড অ্যাবিউজ ইনভেস্টিগেশন টিম’ এই মামলার তদন্ত শুরু করে।
চেশায়ার কনস্টাবুলারি জানিয়েছে, এটি তাদের পরিচালিত এখন পর্যন্ত সবচেয়ে বড় অনলাইন শিশু নির্যাতন সংক্রান্ত তদন্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’-এর প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত ২৭ বছর বয়সী ব্যক্তি মুম্বইয়ের বাসিন্দা। যুক্তরাজ্যে পড়াশোনার সময় তিনি স্ন্যাপচ্যাট, ‘উইজ’ ও ‘উইঙ্ক’ -এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ও ‘রব্লক্স’ গেম খেলার সময় নিজেকে ‘রিস’ নামে একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিতেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তিনি ১০ থেকে ১৭ বছর বয়সী ভুক্তভোগীদের প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর তাদের থেকে আপত্তিকর ছবি পাঠাতে বাধ্য করতেন। ভুক্তভোগীরা আরও ছবি পাঠাতে অস্বীকৃতি জানালে, তিনি তাদের ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

ডয়চে ভেলে