সূচকের উত্থান, লেনদেন ১৫৩০ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (৫ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৩ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ৯৩৫ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন এক হাজার ৫৩০ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ রোববার লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৭ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থানগতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। পরে সূচকটির উত্থানগতি বাড়ে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৪৩ দশমিক ৫৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৭৮৭ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২৯ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৯১ দশমিক ৩২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৭৮ দশমিক ১১ পয়েন্টে।
আজ রোববার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৫৩০ কোটি সাত লাখ টাকার শেয়ার। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি ১১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৫৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ৪১ কোটি ২৬ লাখ টাকা, বেক্সিমকোর ৪১ কোটি ছয় লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৩৯ কোটি ৮৭ লাখ টাকা, বিএসসির ৩৮ কোটি ৭৭ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৩৪ কোটি ২৫ লাখ টাকা, আইটিসির ৩৩ কোটি ৮০ লাখ টাকা এবং ফার ইস্ট নিটিংয়ের ২৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৬৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক