আইপিএল নয়, বিশ্বকাপ পেছানোর দাবি!
করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী থমকে গেছে। ক্রীড়াঙ্গনেও অচলাবস্থা। স্থগিত হয়ে গেছে সব খেলাধুলা। এ তালিকায় আছে আইপিএলও। এবার শঙ্কা জেগেছে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যদিও আয়োজকরা জানিয়েছেন, ক্ষতির মাত্রা কমাতে ফাঁকা মাঠে হলেও বিশ্বকাপ আয়োজন করতে চান তাঁরা।
বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ফাঁকা মাঠে হওয়ার চেয়ে ২০২১ সালে বিশ্বকাপ হলে ভালো হবে বলে মনে করেন তিনি। তবে আইপিএলটা এ বছরই আশা করেন বলে জানালেন কলকাতা নাইট রাইডার্সের এই কোচ।
সম্প্রতি বিশ্বকাপ নিয়ে ম্যাককালাম বলেন, ‘আমার মনে হয়, অক্টোবর মাসে আইপিএল হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক আগামী বছর।’
ম্যাককালাম আরো বলেন, ‘করোনাভাইরাসের ভয়ংকর সংক্রমণে পরিস্থিতি যেখানে পৌঁছেছে, তাতে ১৬ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ, এবং এর সঙ্গে ধারাভাষ্যকারদের অস্ট্রেলিয়ায় যাওয়া খুব সহজ হবে না। তাই আমি মনে করি, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক। বরং এ বছর অক্টোবর-নভেম্বরে আইপিএল করা যেতে পারে। কিছু বিদেশি ক্রিকেটারকে ভারতে যেতে হবে। সেটা বাদ দিলে ধারাভাষ্যকাররা তো ভারতেই থাকেন। তাই আইপিএল শুরু করা কঠিন হবে না। আইপিএল হওয়া সম্ভব।'

স্পোর্টস ডেস্ক