আত্মবিশ্বাস ছিল বলেই সফল মিরাজ
ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পেলেন। বড় ইনিংস গড়ার আভাস দিয়েছিলেন আগের ম্যাচেই। তবে সম্ভাবনা দেখিয়েও ফিরে গেছেন অল্প রানে। কাল আর অবশ্য সুযোগ হাতছাড়া করলেন না মেহেদী হাসান মিরাজ। গতকাল শনিবার সিলেটের বিপক্ষে খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস। তাতে সহজেই সিলেট থান্ডারকে হারায় খুলনা টাইগার্স।
কাল ব্যাট হাতে ৬২ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন খুলনা টাইগার্সের ওপেনার মিরাজ, যাতে ছিল তিন ছক্কা ও ৯ বাউন্ডারি। তাঁর দারুণ ইনিংসে ভর করে সিলেটের বিপক্ষে আট উইকেটে জয় পায় খুলনা।
ম্যাচ শেষে এমন ইনিংস খেলার পেছনের রহস্য জানালেন মিরাজ। মূলত টিম ম্যানেজমেন্টের ভরসা আর নিজের আত্মবিশ্বাস ছিল বলেই এমন দারুণ ইনিংস খেলতে পেরেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ম্যানেজমেন্টকে। কারণ, তারা যখন আমাকে ওপেনিংয়ে দিতে চেয়েছে, তখন আমি বলেছিলাম—হ্যাঁ, পারব। প্রথম ম্যাচে আমি ২ বল খেলে শূন্য রান করে আউট হয়ে যাই। এরপর দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালো করলেও ১২ রান করে আউট হয়ে যাই। আজকে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো হয়েছে। তবে ওরা যে আমার ওপর ভরসাটা রেখেছে, এটা আমার কাছেও বেশ ভালো লাগছে। আমার আত্মবিশ্বাস ছিল বলে হয়তো ভালো হয়েছে ব্যাটিংটা।'
এ ছাড়া পাওয়ার প্লেতে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারায় সাফল্য ধরা দিয়েছে বলে মনে করেন মিরাজ, ‘আমি কিন্তু পাওয়ার প্লেতে যখন ব্যাট করি, তখন সব সময় টাইমিং করে খেলতে পছন্দ করি। আবার যদি স্লগে খেলি, তখন আমার কাছ থেকে দল আশা করতে পারবে না যে ১৫ বল খেলে ৩০ রান করব বা ৩৫ রান করব। এই জিনিসটা বেশি সুবিধা দেয় যখন পাওয়ার প্লেতে ব্যাট করি। তখন কিন্তু দেখেন যে গ্যাপ বের হলেই চার হয়ে যায়। তখন কিন্তু আমার জন্য আরো বেশি সুযোগ থাকে। এ জন্য আমি ওপরে ব্যাট করলে আমার জন্য সুবিধাটা বেশি থাকে।’

ক্রীড়া প্রতিবেদক