চট্টগ্রামে টস জিতে বোলিংয়ে মুশফিকরা
ঢাকা পর্ব শেষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত শনিবার শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার প্রথম পর্ব। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। ১৭ থেকে ২৪ ডিসেম্বর হবে চট্টগ্রাম পর্ব।
চট্টগ্রাম পর্বে প্রথম দিনে মাঠে খেলবে চারটি দল। দুপুর দেড়টায় নেমেছে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস ও সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এর আগে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বেশি দুটি করে জয় পেয়েছে রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আসরে তাই তিন দলেরই পয়েন্ট সমান। তবে ঢাকা ও চট্টগ্রাম তিনটি করে ম্যাচ খেলেছে। একটি ম্যাচ কম খেলেছে রাজশাহী। আর খুলনা টাইগার্স মাত্র একটি ম্যাচ খেলেছে। জয়ও পেয়েছে সে একটিতে। কিন্তু ঢাকা পর্বে কোনো জয়ের মুখ দেখেনি সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স।

ক্রীড়া প্রতিবেদক