জয়ের ছন্দে উড়ছে মাহমুদউল্লাহ্র চট্টগ্রাম
১৩০ রানের ছোট লক্ষ্য! লম্বা ব্যাটিং লাইনআপ। তাতেও ধাক্কা খেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮৫ রানে হারায় গুরুত্বপূর্ণ পাঁচ ব্যাটসম্যান। তাতেও অবশ্য সমস্যা হয়নি। নুরুল হাসান সোহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মাহমুদউল্লাহর দল।
আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডারকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। এই নিয়ে চার ম্যাচ খেলে চারটিতেই হারল সিলেট। অন্যদিকে চার ম্যাচে তিন জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল চট্টগ্রাম।
সিলেট থান্ডারের দেওয়া ১৩০ রানের জবাবে ১২ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সিমন্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ফ্লেচার। ৩ ছক্কায় ২৪ বলে অপরাজিত ছিলেন ৩৭ সোহান।
এরআগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে সিলটকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় সিলেট। দলীয় ১৩ রানে হারায় রনি তালুকদারকে। ফেরার আগে মাত্র ২ রান করেন এই ওপেনার।
রনি তালুকদারের পর টিকলেন না তিনে ব্যাট করতে নামা শফিকুল্লাহও। পঞ্চম ওভারে রুবেল হোসেনের বলে ৫ রানে ফেরেন তিনি। ইনিংস বড় করার আশা দেখিয়ে ৩৮ রানে আউট হন আন্দ্রে ফ্লেচার।
দ্রুত উইকেট হারিয়ে রানের গতি কমে যায় সিলেটের। ১২ ওভারে মাত্র ৬৯ রান তোলে তারা। এরপর ষষ্ঠ উইকেটে নাঈম হাসানকে নিয়ে হাল ধরে অধিনায়ক সৈকত। নাঈম-সৈকতের এই জুটিতে ১০০ পার করে সিলেট থান্ডার। ১৮তম ওভারে নাঈমের আউটে ভাঙে ৪০ রানের সেই জুটি। দলকে টানলেও বেশিদূর নিতে পারেননি অধিনায়ক। পরের ওভারে ৩০ রানে সাজঘরে ফেরেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৯ রানে থামে সিলেট থান্ডার।
বল হাতে ৪ ওভার বোলিং করে ২৩ রানের বিনিময়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মেহেদী হাসান রানা। ২৮ রানে দুটি উইকেট নেন রুবেল হোসেন। সমান একটি করে নেন মুক্তার আলী ও উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক