টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে বিস্মিত বিসিবি সভাপতি
ঐতিহাসিক ইডেন টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। কিন্তু সুবিধা করতে পারেননি মুমিনুলরা। তবে বাংলাদেশের আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বিসিবি সভপাতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার কলকাতায় সংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশ আগে ব্যাটিং নেওয়ায় সত্যিই আশ্চর্য হয়েছি আমি। আগের দিনও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে, কোচ-অধিনায়ক দুজনই বলেছে ফিল্ডিং নেবে। এটা নিশ্চিত ছিল। টস জিতে যখন দেখেছি ব্যাটিং নিয়েছে, তখনই ধাক্কা খেয়েছি। অতি আত্মবিশ্বাসের কারণে কিনা জানি না। ভারতীয়দের যার সঙ্গেই কথা বলেছি, বলেছে তারা প্রথমে ফিল্ডিং নিত। ওরা ব্যাটিং কখনোই নিত না। সতেজ উইকেট। গোলাপি বল কেমন আচরণ করে সেটা না বুঝে ভারত আগে ব্যাটিং নিত না।’
এদিকে আজ শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫২ রানে দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন মুশফিকুর রহিম, ৫৯ রান নিয়ে। এখন পর্যন্ত ৮৯ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।
এর আগে কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৩৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ২৪১ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
গতকাল শুক্রবার ইডেন টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক