ঢাকা লিগে থাকছে না রেলিগেশন
যে কোনো লিগে কেউ কেউ লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কারও লড়াইটা ভিন্ন। তারা চান রেলিগেশন থেকে বাঁচতে। পরের মৌসুমে অবনমন ঠেকানোর এই লড়াইটাও জমে ওঠে মৌসুমের শেষ দিকে। কিন্তু, সেই রেলিগেশনই থাকছে না ঢাকা লিগে।
রেলিগেশন না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বলেন, ‘এবার কারো জন্যই কোনো রেলিগেশন (অবনমন) থাকছে না।’
আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি থাকাকালীন বিদ্রোহ করেছিল ক্লাবগুলো। তামিম ইকবালের বোর্ড অবশ্য তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে রেলিগেশন না থাকার ব্যাপারে কথা বলেন ক্লাব কর্তারা।
আম্বার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জিয়াউর রহমান তপু বলেন— ‘এ বছর রেলিগেশন যেমন থাকছে না, তেমনি যে চারটি দল দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে এবং প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে, তারাও প্রমোশন পাবে। সভাপতি সেই চারটি ক্লাবের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করবেন। তারা যদি আগের বিভাগেই থাকতে চায়, তা হলে পরের মৌসুমে প্রচলিত নিয়মে খেলা হবে।’
মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল শুরু হতে পারে। রাউন্ড রবিন লিগেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ করা হবে। এবার প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ একই দিনে করতে চায় বিসিবি। ফলে প্রতিদিন ছয়টি মাঠ প্রয়োজন হবে। পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, আমিনবাজারের সিলিকন গ্রাউন্ড ও বিকেএসপির দুটি মাঠে খেলা হতে পারে।
লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘আমরা সামনের দিকে এগোচ্ছি। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা প্রায় শেষ। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহে খেলা শুরুর পরিকল্পনা করছি।’

স্পোর্টস ডেস্ক