বলবয়দের নিয়ে পুরোনা দিনে ফিরলেন তামিম
বাংলাদেশের ক্রিকেটে বলবয় সংস্কৃতি বেশ পুরোনো। বলবয় থেকে বাইশ গজ দাপিয়ে বেড়ানোদের মধ্যে আছেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালের মতো বিখ্যাত ক্রিকেটাররা। খেলার পাট চুকিয়ে তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান। বিসিবির মসনদে বসেই ফিরিয়ে আনলেন বলবয়দের।
আজ সোমবার (২৭ এপ্রিল) মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি দিয়েই লম্বা বিরতির পর ফিরেছেন বলবয়রা। তাদের আগামীর তারকা হিসেবে আখ্যা দেন তামিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানান, তারাই ভবিষ্যৎ।
বিসিব সভাপতি বলেন, “বলবয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ‘ফিউচার স্টার্স।’ আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে।”
পোস্টের শেষে পুরোনো দিনের স্মৃতিতে ফিরলেন তামিম। ‘আমিও একসময় ওদের মতোই ছিলাম। আমিও ছিলাম একজন বলবয়’—যোগ করেন সাবেক এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক