টেস্টে আলো ছড়িয়ে ওয়ানডেতে লাবুশেন
টেস্ট আঙিনায় সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন মার্নাস লাবুশেন। টেস্ট মাতিয়ে বেশ আলোচিতও হয়েছেন তিনি। এই সফলতার পুরস্কার হিসেবে এবার অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন লাবুশেন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে লাবুশেনকে নিয়ে দল সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
জানুয়ারিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে তারা। দলে লাবুশেন জায়গা পেলেও বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিছুদিন আগে মানসিক সমস্যার কারণ দেখিয়ে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সম্প্রতি ফিরলেও ফর্মের কারণে জায়গা হারিয়েছেন তিনি।
ম্যাক্সওয়েল ছাড়াও টেস্টে জায়গা পাননি উসমান খাজা। বাদ পড়েছেন মার্কাস স্টনিস, শন মার্শ, ন্যাথান লায়ন ও ন্যাথান কোল্টার-নাইল। চোটের কারণে ছিটকে গিয়েছেন জেসন বেহরেনডর্ফ।
অন্যদিকে সুযোগ পাওয়া লাবুশেন চলতি বছর টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার। সবশেষে তিন ম্যাচে খেলে তিনটিতেই করেছেন সেঞ্চুরি। বছরের শুরুতে তাঁর র্যাঙ্কিং ছিল ১১০। ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যানের এখন সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যালেক্স কেয়ারি (সহ-অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, পিটার হ্যান্ডসকম, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।

স্পোর্টস ডেস্ক