বঙ্গবন্ধুর চেতনা আমাদের মাঝে আছে : সাকিব
আজ ১৭ মার্চ। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও মুজিববর্ষের শুরু আজ। আর এই বিশেষ দিনে বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, ‘আজ থেকে শত বছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।’
অনাকাঙ্ক্ষিত ভুল করে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। আপাতত এই সময়টা ক্রিকেটের বাইরেই কাটছে দেশসেরা পারফরমারের। সবকিছু ঠিক থাকলে এই বছর ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। এরপর আবারও ক্রিকেটে দেখা যাবে দেশসেরা ক্রিকেটারকে।

স্পোর্টস ডেস্ক