বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় হতাশ লায়ন
সবকিছু ঠিকই ছিল। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে হঠাৎ সবকিছু থমকে গেছে। বন্ধ হয়ে গেছে বিশ্বে সব খেলাধুলা।
স্থগিত হয়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজও। সিরিজটি স্থগিত হওয়ায় হতাশ অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন। তিনি বলেন, ‘বাংলাদেশে যাওয়া হচ্ছে না, এটা অবশ্যই হতাশাজনক। আমাদের জন্য সিরিজটি হতো বড় চ্যালেঞ্জিং। বাংলাদেশ এমন জায়গা, যেখানে আমি ব্যক্তিগতভাবেও চ্যালেঞ্জ টের পাই, খেলতে দারুণ উপভোগ করি। সূচির কথা বললে, আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও সব বড় কর্তারা নিঃসন্দেহে সম্ভব সবকিছুই করবে যেন আমরা সেখানে যেতে পারি এবং ক্রিকেট খেলতে পারি।’
সিরিজগুলো স্থগিত হওয়ায় আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়া নিয়ে বেশ শঙ্কা জেগেছে। ফাইনাল পেছানোর পক্ষে কথা বলেছেন অনেকেই। কদিন আগে পাকিস্তানের অধিনায়ক আজহার আলীও ফাইনাল পেছানোর কথা বলেছিলেন।
অবশ্য লায়ন এ ব্যাপারে কিছু বলেননি। সিদ্ধান্ত নেওয়ার ভাবনা দায়িত্বপ্রাপ্তদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। তবে ফাইনাল যখনই হোক, সেখানে নিজের দলকে দেখতে চান লায়ন।
এই অসি তারকা বলেন, ‘সেরা দুটি দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে। আমরা অবশ্যই সেখানে থাকতে চাই। অস্ট্রেলিয়াকে সেখানে দেখতে চাই। আমার মনে হয়, আমরা সঠিক পথেই আছি। আমাদের দলটা তরুণ, কিন্তু বিশ্বাস করি দুর্দান্ত একটি দল হয়ে গড়ে উঠছি আমরা। আর আইসিসির কর্তারা ও সম্পৃক্ত অন্যরা এ বিষয়ে (ফাইনালের সম্ভাব্য সময়) সিদ্ধান্ত নেবেন। আমাদের কেবল অপেক্ষা করতে হবে।’

স্পোর্টস ডেস্ক