ভারতকে আটকানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ
গতকাল শুক্রবার নানা উৎসবের মধ্য দিয়ে গোলাপি বলের ক্রিকেটে পা রেখেছে বাংলাদেশ। কিন্তু রঙিন ম্যাচের আলোয় নিজেদের রাঙাতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ‘পিঙ্ক বলের ক্রিকেটে’ হতাশার যাত্রা শুরু করল বাংলাদেশ।
ইডেন টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। শেষ সেশনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৪ রানে প্রথম দিন শেষ করেছে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন বিরাট কোহলি (৫৯) ও অজিঙ্কা রাহানে (২৩)।
৬৮ রানের লিড নিয়ে আজ শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের হাতে আছে সাত উইকেট। বাংলাদেশের লক্ষ্য যত দ্রুত সম্ভব ভারতকে থামানো। অন্যদিকে ভারতের লক্ষ্য দ্রুত লিড বাড়িয়ে নেওয়া।
ইডেনে গতকাল ভারতীয় বোলারদের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। সপ্তম ওভারের প্রথম বলে ইমরুল কায়েসকে এলবির ফাঁদে ফেলার জোরালো আবেদন করেন ইশান্ত শর্মা। স্বাগতিক পেসারের আবেদনে সাড়াও দেন আম্পায়ার। রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান এই বাংলাদেশি ওপেনার। কিন্তু একই ওভারের ৩ নম্বর বলে আর নিজেকে রক্ষা করতে পারলেন না তিনি। ইশান্তর বলে সেই এলবির ফাঁদে পড়েই উইকেট বিলিয়ে দিলেন ইমরুল। এর আগের ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২ রান করেছিলেন তিনি।
দলকে ভালো কিছু উপহার দিতে পারলেন না অধিনায়ক মুমিনুল হকও। স্লিপে রোহিত শর্মার অসাধারণ ক্যাচে শূন্য রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। তিনে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনও ফিরলেন শূন্য রানে। তিন বলের মধ্যে দুই উইকেট নেন উমেশ যাদব।
ব্যাটিংয়ের মূল আস্থা মুশফিকুর রহিমও হাল ধরতে পারেননি। ইন্দোরে বাংলাদেশের মান রাখা মুশফিক ঐতিহাসিক টেস্টে ফিরলেন শূন্য রানে। এরপরে একে একে ফিরলেন সাদমান ইসলাম ও মাহমুদউল্লাহ । ৬০ রানে ছয় উইকেট হারিয়ে উইকেটে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ।
এর মধ্যে সাবলীল ব্যাট করছিলেন লিটন দাস। সতীর্থদের ব্যর্থতার মাঝে পাঁচ বাউন্ডারিতে ২৪ রানে ব্যাট করছিলেন। তখনই মোহাম্মদ শামির বলে আহত হয়ে সাজঘরে ফিরতে হয় লিটনকে। মাথায় আঘাত পাওয়া লিটনকে পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লিটনের পরিবর্তনে ‘কানকাসন’ পদ্ধতিতে বদলি ব্যাটসম্যান নামানোর সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু শঙ্কার কথা হলো, বাংলাদেশের স্কোয়াডে একজনও বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই। যাঁরা আছেন, তাঁরা সবাই বোলার। শেষ পর্যন্ত এঁদের মধ্যে থেকে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় মিরাজকে। এই স্পিনারই এখন বাংলাদেশের প্রথম বদলি ক্রিকেটার।
কিন্তু বদলি খেলোয়াড় মিরাজও তেমন ভালো করতে পারেননি। ইশান্ত শর্মার বলে আট রানে ফিরেন তিনি। টিকলেন না বাকিরাও। শেষ পর্যন্ত নির্ধারিত দ্বিতীয় সেশনেই ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এর মধ্যে মাথায় আঘাত পান নাঈম হাসান। তার বদলি হিসেবে সুযোগ পান তাইজুল ইসলাম।
ভারতের হয়ে বল হাতে ২২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন ইশান্ত শর্মা। ২৯ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন উমেশ যাদব। দুটি উইকেট নেন মোহাম্মদ শামি।
বিপরীতি প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। পেসার আল-আমিন হোসেনের বলে সাজঘরে ফিরে যান আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো মায়াঙ্ক আগরওয়াল। টিকেননি রোহিত শর্মাও। এবাদতের বলে আউট হন তিনি। এরপর চেতেশ্বর পুজারাকে নিয়ে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যান স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি।

স্পোর্টস ডেস্ক