ভারতের বাজে হারে পাকিস্তানি তারকার হতাশা!
সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে একেবারেই অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ভারতের হারের জন্য কোহলিদের ব্যাটিং অর্ডারকেই দায়ী করেছেন সাবেক পাকিস্তানি তারকা শোয়েব আখতার।
ভারতের অসহায় আত্মসমর্পণ দেখে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস একেবারেই হতাশ। নিজের ইউটিউব চ্যানেলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে শোয়েব কোহলিকেই দায়ী করেছেন হারের জন্য।
শোয়েব আখতার জানিয়েছেন, ‘ভারতের এমন হার হতাশাজনক। কোহলির কোনোভাবেই ২৮তম ওভারে ব্যাটিং করতে নামা উচিত হয়নি। আরো আগে নামা উচিত ছিল। তাই ভারত বাজেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারল।’
পাকিস্তানি তারকা আরো বলেন, ‘অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলেছে। তবে আমার মনে হয় ভারত পরের ম্যাচেই দারুণভাবে কামব্যাক করবে।’
এদিকে কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ম্যাথু হেডেন ও ভিভিএস লক্ষ্মণের মতো তারকারাও।

স্পোর্টস ডেস্ক