বিশ্বকাপের সেমিতে উঠতে যে সমীকরণের সামনে দলগুলো
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লড়াই প্রায় শেষের পথে। এই অবস্থায় এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। সেমিফাইনালের ওঠার ছক কষতে হচ্ছে দলগুলোকে।
সুপার এইটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে আটটি দল। ২ নম্বর গ্রুপ থেকে মোটামুটি ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলা নিশ্চিত। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাকিস্তান।
অবশ্য এই গ্রুপ থেকে খাতা-কলমে এখনও ক্ষীণ আশা বেঁচে আছে পাকিস্তানের জন্য। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। এই ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে নিউজিল্যান্ডকে। অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান আর শ্রীলঙ্কা। এই ম্যাচে পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। তাহলে মিলতে পারে সমীকরণ।
অন্যদিকে, কোনো সমীকরণ ছাড়াই ১ নম্বর গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তিন নম্বরে ভারত।
নিজেদের শেষ ম্যাচে অলিখিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। সহজ সমীকরণ, যারা জিতবে তারাই জায়গা করে নেবে সেমিফাইনালে। তবে যদি কোনো কারণে প্রকৃতি বিরূপ থাকে অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ মাঠে না গড়ায় তখন কপাল পুড়বে ভারতের। রান রেটে এগিয়ে থাকার কারণে শেষ চারে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক