যে ইনিংস বদলে দিয়েছিল ম্যাককালামের জীবন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট, তা বললে ভুল বলা হবে না। আসরটির প্রথম বছরই নাম লিখিয়েছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। চার-ছক্কার তাণ্ডবে রঙিন করে তুলেছিলেন টুর্নামেন্টের অভিষেক দিন। খেলেছিলেন ১৫৮ রানের বিস্ফোরক ইনিংস। যেই ইনিংসকে তাঁর জীবন বদলে দেওয়ার রসদ বলে মনে করেন সাবেক এই কিউই তারকা।
আজ ১৮ এপ্রিল আইপিএল শুরুর ১২ বছর পূর্তি। একই সঙ্গে টুর্নামেন্টটির সঙ্গে একযুগ পার করলেন ম্যাকালামও। বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের কোচ। এই নাইট রাইডার্সের হয়েই ২০০৮ সালে বেঙ্গালুরুতে ১৫৮ রান করেছিলেন ম্যাককালাম। মাত্র ৭৩ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও ১৩ ছক্কা দিয়ে। একযুগ পর জানালেন সেই ইনিংসটিই বদলে দিয়েছিল কিউই তারকার জীবন।
এ ব্যাপারে ম্যাককালাম বলেন,'ক্যারিয়ার বদলে যাওয়া, জীবনের মোড় ঘুরে যাওয়া মুহূর্তের কথা অনেকেই বলে। আমি বলব এক রাতে তিন ঘণ্টার মধ্যে, আরও সুনির্দিষ্ট করে বললে, দেড় ঘণ্টার মধ্যে আমার জীবন বদলে গিয়েছিল পুরোপুরি। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ওপেন করার সুযোগটি কেন আমিই পেয়েছিলাম? প্রথম ম্যাচে কীভাবে খেলার সুযোগ পেলাম, বিশ্ব ক্রিকেটের এত বড় এক টুর্নামেন্টের শুরুতেই কীভাবে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলাম? কীভাবে সেই সুযোগ কাজে লাগাতে পারলাম? ভাগ্য কতটা পাশে ছিল আমার! সত্যি বলতে, আমি একটি প্রশ্নেরও উত্তর জানি না। শুধু জানি, ইনিংসটি আমার জীবন পুরো বদলে দিয়েছিল।’
কিউই তারকার আরও বলেন ‘সৌরভ তখন বলেছিলেন তোমার জীবন সবসময়ের জন্য বদলে গেল।’ আমি তখন উনার কথার মানে বুঝতে পারিনি। কিন্তু এখন উনার সঙ্গে আমি শতভাগ একমত। শাহরুখ খান (ফ্র্যাঞ্চাইজির কর্ণধার) বলেছিলেন, ‘তুমি সবসময় নাইট রাইডার্সের সঙ্গেই থাকবে।'

স্পোর্টস ডেস্ক