রোহিতের পর কুলদীপের হ্যাটট্রিক চমকে জিতল ভারত
ব্যাট হাতে ঝলমলে ইনিংস উপহার দিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। রোহিত খেললেন দেড়শ ছাড়ানো ইনিংস, রাহুল করলেন সেঞ্চুরি। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে হ্যাটট্রিকের চমক দেখালেন কুলদীপ যাদব। ইতিহাস গড়া ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত।
গতকাল বুধবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে সিরিজে সমতা এনেছে স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছিল ভারত। দুই ওপেনার মিলে ৩৭ ওভার পর্যন্ত এগিয়ে নেন ভারতকে। গড়েন ২২৭ রানের জুটি। এর মধ্যে রাহুল ৪৬ বলে ও রোহিত ৬৭ বলে ৫০ স্পর্শ করেন। এরপর রানের গতি বাড়িয়ে ১০৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন রোহিত। ওয়ানডেতে এটি তাঁর ২৮তম সেঞ্চুরি, যার মাধ্যমে রোহিত বসলেন সনাথ জয়সুরিয়ার পাশে। সেঞ্চুরিতে তাঁর ওপরে আছেন কেবল রিকি পন্টিং (২৮), বিরাট কোহলি (৪৩) ও শচীন টেন্ডুলকার (৪৯)।
রোহিতের পর ১০২ বলে সেঞ্চুরি তোলেন রাহুল। এটি ছিল তাঁর তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরি স্পর্শ করার পরের বলেই ফিরে যান রাহুল। ভাঙে ২২৭ রানের ওপেনিং জুটি। ফেরার আগে আট বাউন্ডারি ও তিন ছক্কায় ১০৪ রান করেন রাহুল।
তিনে নামা ভারতীয় অধিনায়ক এদিন সুবিধা করতে পারেননি। ব্যাটিংয়ে নেমেই ডাক মারেন কোহলি। তাতে অবশ্য বড় স্কোর তুলতে ঝামেলা হয়নি ভারতের। আস্থার সঙ্গে ব্যাটিং চালিয়েছেন রোহিত। আর শেষের দিকে ঝড় চালান পন্ত ও শ্রেয়াস আইয়ার। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫৯ রানের ইনিংস খেলেন রোহিত। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৭ চার ও পাঁচ ছক্কা দিয়ে। তাতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান সংগ্রহ করে ভারত। ১৬ বলে ৩৯ রান করেন পান্ত। ৩২ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস।
৩৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন শাই হোপ। ৮৫ বলে ৭৮ করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন পুরান। ছয়টি করে চার ও ছক্কায় এই বাঁহাতি করেছেন ৪৭ বলে ৭৫।
ম্যাচটিতে রোহিত-রাহুলের রানের আনন্দের সঙ্গে যোগ হয় কুলদীপের হ্যাটট্রিক। ক্যারিবীয়দের হাল ধরা হোপকে ফিরিয়ে হ্যাটট্রিকে প্রথম উইকেট নেন তিনি। পরের দুই বলে জেসন হোল্ডার ও আলজারি জোসেফকে ফিরিয়ে হ্যাটট্রিক উৎসবে মেতে ওঠেন তিনি। এই হ্যাটট্রিকের মাধ্যমে প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিকের স্বাদ পেলেন কুলদীপ। এর আগে ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটেই হ্যাটট্রিক করেছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক