শেষ টি-টোয়েন্টিতেও সাফল্যে আশাবাদী বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
চলমান সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে শতভাগ সাফল্য নিয়ে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা।
কাল দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। সে সঙ্গে প্রায় এক মাসের সফরে জয় ছাড়াই শেষ করবে জিম্বাবুয়ে।
এই সিরিজের সাফল্য বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের তিন ফরম্যাটে বাজে সময় যাচ্ছিল টাইগারদের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই সাফল্য টাইগাররদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
এ মাসের শেষ দিকে তৃতীয় ও শেষ দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আসন্ন সফরে একটি ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। তাই আগামীকাল দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টেতে জয় দলের খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখে আমি সত্যিই আনন্দিত। বিশেষ করে টপঅর্ডারে তামিম ও লিটন দারুণ খেলছে। ব্যাটসম্যানরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’
তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই সাফল্যে আত্মতুষ্টিতে না ভুগার আহ্বান জানিয়েছেন মাহমুদুল্লাহ, ‘আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারি না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে আমাদের ধারাবাহিক হতে হবে।’

স্পোর্টস ডেস্ক