সেরা সম্পদের অপেক্ষায়, তর সইছে না দু প্লেসির
দুদিন আগেই দ্বিতীয় সন্তানের সুখবর দিয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ। সন্তানের অপেক্ষায় সাকিব, আর মাহমুদউল্লাহর ঘরে এসেছে নতুন অতিথি। এবার সুখবর দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ দু প্লেসি। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় সন্তান আসার খবর নিজেই দিলেন দু প্লেসি।
ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছেন দু প্লেসি। তবে নতুন অতিথি ছেলে, নাকি মেয়ে হবে সেটা জানাননি এই প্রোটিয়া তারকা।
ইনস্টাগ্রামে পোস্ট করা প্লেসির ছবিতে দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী ইমারি তাদের প্রথম সন্তান আমিলিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিতেই ইমারির বেবি বাম্প দেখা যাচ্ছে।
আর ক্যাপশনে দু প্লেসি লিখেছেন, ‘জীবনের সেরা সম্পদের অপেক্ষায় এই পরিবার। দ্বিতীয়জনের জন্য অপেক্ষায় তর সইছে না।'
দুদিন আগে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন সাকিব। মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বিগ সিস্টারহুড’।
এর পর দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়ে মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হলো। সবাই ওর জন্য দোয়া করবেন।’

স্পোর্টস ডেস্ক