স্টোকসের চোখে স্মিথ অদ্ভূত
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথের জুড়ি নেই। প্রতিটি সিরিজেই সেটা নতুন করে প্রমাণ করেন সাবেক অসি অধিনায়ক। গত অ্যাশেজেও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন তিনি। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজটি ড্র হলেও স্মিথের ব্যাটিং নজর কেঁড়েছে সবার।
তাই তো সেই অ্যাশেজে প্রতিপক্ষ হিসেবে শুধু স্মিথকে দেখেছেন স্টোকস। ইংলিশ তারকার চোখে স্মিথ অনেক বুদ্ধিমান কিন্তু অদ্ভূত।
আইপিএলের দল রাজস্থান রয়্যালসে একসঙ্গে খেলেছেন স্মিথ ও স্টোকস। আসন্ন মৌসুমেও এক জার্সিতে খেলবেন দুজন। রাজস্থানের আরেক তারকা ইশ সোধির সঙ্গে এক ভিডিও চ্যাটে স্মিথকে নিয়ে স্টোকস বলেন, 'সত্যি বলতে তার (স্মিথ) দলে খেললেও সে অদ্ভূত, তার বিপক্ষে খেললেও সে অদ্ভূত এবং সে নিজেও এটা জানে। তবে আমি মনে করি, বুদ্ধিমান হতে হলে আপনাকে কিছুটা অদ্ভূত হতেই হয়। স্মিথ নিশ্চিতভাবে বুদ্ধিমান এবং অদ্ভূত।'
স্মিথের ব্যাটিংকে ব্যাখ্যা করে ইংলিশ তারকা আরো বলেন, 'যদিও সে অস্ট্রেলিয়ার হয়ে খেলে, তবু মাঝেমধ্যে এমন কিছু খেলোয়াড়ের জন্য আপনাকে দুই হাত ওপরে তুলে মেনে নিতে হবে যে ব্যাটিং প্রসঙ্গে তুমি ভিন্ন পর্যায়ের। ব্যাটিংয়ের কথা আসলে, সে যেভাবে চিন্তা করে, আমি কখনো তা পারি না। হয়তো সামনেও কোনোদিন পারব না। তবে হ্যাঁ! সে সবসময়ই (ব্যাটিংয়ে) দারুণ মুডে থাকে। যে কারণে টেস্ট ক্রিকেটে তার গড় ৬০-এর ওপর।'
এ ছাড়া টেস্ট ক্রিকেটের প্রতি ভালো লাগা নিয়ে স্টোকস বলেন, 'আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বোচ্চ চূড়া। সম্প্রতি অনেক কথা বলাবলি হচ্ছে যে, টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। আমি জানি না এসব কথা কীভাবে আসে। বিরাট কোহলি, জো রুটরা বারবারই বলছে টেস্ট ক্রিকেটই যেকোন খেলোয়াড়ের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। এই ফরম্যাটেই একজন ক্রিকেটারের নিজের জাত চেনানোর সবচেয়ে বড় সুযোগ। ক্রিকেটের বিশুদ্ধতম ফরম্যাট এটি।'

স্পোর্টস ডেস্ক