মাশরাফি-মুশফিকদের ক্যাম্প শুক্রবার শুরু
ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে জাতীয় ক্রিকেট-দলের অনুশীলন ক্যাম্প আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। সিরিজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্প অব্যাহত থাকবে। আর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলবে তাঁদের অনুশীলন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ‘প্রথম দিনে খেলোয়াড়রা জিমে প্র্যাকটিস করবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করবে তারা।’
জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে। এই শ্রীলঙ্কান কোচ ঢাকায় ফিরলে তাঁর অধীনে অনুশীলন করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর ছুটিতে গিয়েছিলেন হাথুরুসিংহে।
এর আগে গত ২০ ও ২১ মে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট হয়েছিল ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে। পরে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয় বিসিএল লঙ্গার ভার্সন খেলার জন্য।
অবশ্য চোটের কারণে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্রামে ছিলেন। তাঁরা বিসিএলে শেষ ম্যাচে খেলেননি। এই তিন ক্রিকেটারের চোট নিয়েই এখন যত চিন্তা বাংলাদেশ দলের।
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত। ফতুল্লায় একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।

ক্রীড়া প্রতিবেদক