টেস্ট দলে রুবেলের প্রত্যাবর্তন
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষিত হয়েছে বুধবার। এই দলে খুব একটা পরিবর্তন আসেনি। শুধু চোটের কারণে দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে যাওয়া পেসার শাহাদাত হোসেন নেই। আর এক টেস্ট পর দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন।
বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে, ফতুল্লা স্টেডিয়ামে।
গত মাসে খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেললেও চোটের কারণে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন রুবেল। তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন তরুণ পেসার আবুল হাসান।
মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র দুই বল করে হাঁটুতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যান শাহাদাত। মধ্যাহ্ন-বিরতির সময় বোলিং অনুশীলন করতে গিয়ে আবার ব্যথা পাওয়ায় সেই ম্যাচে আর খেলতেই পারেননি। এখন তিনি অস্ত্রপচার করানোর জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার অপেক্ষায়।urgentPhoto
ওয়ানডে দলে নিয়মিত হলেও টেস্টে আবারও উপেক্ষিত নাসির হোসেন। এই ডানহাতি ব্যাটসম্যানকে টেস্ট দলের বাইরে রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদের যুক্তি, ‘অনেক বিচার-বিশ্লেষণ করে টেস্টে নাসিরের চেয়ে সৌম্য সরকারকে বেটার বলে মনে হয়েছে আমাদের।’
টেস্ট দলে সবচেয়ে বড় চমক অনেক দিন মাঠের বাইরে থেকে সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া জুবায়ের হোসেনের অন্তর্ভুক্তি। এই লেগস্পিনারকে দলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ফারুক বলেছেন, ‘দলের কোচ আর অধিনায়কের অনুরোধে জুবায়েরকে দলে নেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো হাত ছিল না।’
ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, বিসিবি সভাপতি নাজমুল হাসানের ‘বিশেষ’ অনুরোধেই জুবায়েরকে দলে নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক অবশ্য এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন, ‘না, এমন কোনো অনুরোধ আমরা পাইনি।’
বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও মোহাম্মদ শহীদ।

ক্রীড়া প্রতিবেদক