‘আমরা খুব একটা খারাপ বল করিনি’
দিনের প্রথম ওভারেই স্বাগতিক দলের ব্যাটিংয়ে বড় একটা ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় ওপেনার লোকেশ রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান পেসার তাসকিন আহমেদ। আগুনঝরা এই বোলিংয়ের ধারাবাহিকতা পরে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
হায়দরাবাদে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে তাই বিশাল সংগ্রহ গড়েছে ভারত। মুরলি বিজয় ও বিরাট কোহলির শতকে ৩৫৬ করে তারা তিন উইকেট হারিয়ে।
একদিনে সাড়ে তিনশোর বেশি রান বড় সংগ্রহই বটে। এই ব্যর্থতার দায় বর্তায় বোলারদের ওপর। তরুণ পেসার তাসকিন আহমেদ মনে করছেন না এদিন বাংলাদেশ খুব একটা খারাপ বল করেছে।
বৃহস্পতিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমাদের প্রত্যেক বোলারই নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে বল করেছে। তারা ৯০ ওভারে ৩৫৬ রান করেছে এটা ঠিক, কিন্তু এই রান ৪৫০ও হতে পারত। তাই আমরা খুব একটা খারাপ করেছি তা বলা যাবে না। অবশ্য রানটা ৩০০-এর মধ্যে আটকে রাখতে পারলে ভালো হতো।’
তবে মুরালি বিজয়কে রানআউট করতে না পারায় হতাশা ঝরে পড়েছে এই তরুণ পেসারের কণ্ঠে। এ ব্যাপারে তিনি বলেন, ‘সে সময় বিজয় রানআউট হলে ম্যাচের চিত্রটা এখন অন্যরকম হতে পারত। তিনটির জায়গায় তাদের পাঁচ-ছয়টি উইকেট পড়তে পারত। তারপরও বলব এটি ম্যাচেরই একটা অংশ।’

ক্রীড়া প্রতিবেদক