এখনো জয়ের স্বপ্ন দেখছেন বিজয়
৩২তম টেস্ট খেলতে নেমে ষষ্ঠ শতকের দেখা পেয়েছেন মুরালি বিজয়। সাকিব আল হাসানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে করেছেন ১৫০ রান। একটু ধৈর্য ধরতে পারলে হয়তো দ্বিশতকও করতে পারতেন। ভারতের এই ডানহাতি ওপেনার অবশ্য নিজের অর্জন নয়, দলের কথা ভেবেই খেলেছেন। তাঁর বিশ্বাস, বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতের জয় পাওয়া সম্ভব।
শুক্রবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘প্রকৃতির ওপরে কারো হাত নেই। বিরূপ আবহাওয়ার জন্য কাউকে দায়ী করা যায় না। তারপরও আমি বিশ্বাস করি, আগামী দুদিন আবহাওয়া ভালো থাকলে আমাদের পক্ষে জয় পাওয়া সম্ভব। আমি এ ব্যাপারে আশাবাদী। আমি কখনোই নিজের কথা ভেবে খেলিনি। দলের জন্য যত বেশি সম্ভব অবদান রাখার লক্ষ্য নিয়েই খেলেছি। ডাবল সেঞ্চুরির কথা একবারও আমার চিন্তায় আসেনি।’
ফতুল্লায় যত দিন যাচ্ছে ততই স্পিনাররা সুবিধা পাচ্ছেন। তাই ভারতের স্পিনারদের ভালো করা সম্ভব বলে মনে করেন ফতুল্লা টেস্টের দ্বিতীয় সেঞ্চুরিয়ান, ‘স্পিনাররা এই উইকেটে ভালোই সুবিধা পাচ্ছে। দিন যত গড়াবে তত বেশি সুবিধা পাবে। তাই আমাদের স্পিনারদের পক্ষে এখানে ভালো করা সম্ভব বলে আমার বিশ্বাস।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের লেগস্পিনার জুবায়ের হোসেনের প্রশংসাও করলেন বিজয়, ‘তরুণ স্পিনার জুবায়ের আজ বেশ ভালো বল করেছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। তার প্রতি আমার শুভ কামনা রইল।’

ক্রীড়া প্রতিবেদক