আরেকটি জয়ের পথে অস্ট্রেলিয়া
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটা হার দিয়ে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। জ্যামাইকার কিংস্টনে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে আরেকটি হারের লজ্জার সামনে স্বাগতিক দল। ৩৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ মাত্র ১৬ রান। দুদিন হাতে থাকলেও জয়ের জন্য তাদের করতে হবে আরো ৩৭৬ রান। অন্যদিকে ৮ উইকেট তুলে নিতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার আনন্দে মেতে উঠতে পারবে অস্ট্রেলিয়া।
স্যাবাইনা পার্কে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২২০ রানে। ফলোঅনের লজ্জা থেকে দলকে বাঁচাতে সবচেয়ে বড় অবদান জেসন হোল্ডারের। আক্রমণাত্মক ব্যাটিং করে ৬৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন তিনি। মাত্র ৩৮ রানে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবীয়দের প্রধান ‘হন্তারক’ জশ হেজেলউড। পঞ্চম টেস্ট খেলতে নেমে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন এই ডানহাতি পেসার।
১৭৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন শন মার্শ (৬৯) ও ডেভিড ওয়ার্নার (৬২)। উদ্বোধনী জুটিতে দলকে ১১৭ রান উপহার দেন দুজনে। এর সঙ্গে প্রথম ইনিংসে ১৯৯ রান করা স্টিভেন স্মিথের অপরাজিত ৫৪ রানের সুবাদে ২ উইকেটে ২১২ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
৩৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েইট ও রাজেন্দ্র চন্দ্রিকাকে আউট করেছেন মিচেল স্টার্ক। তৃতীয় বলে ব্র্যাথওয়েইটকে বোল্ড করার পর সেই ওভারের শেষ বলে চন্দ্রিকাকে গালিতে মার্শের ক্যাচ বানিয়েছেন এই বাঁহাতি পেসার। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে অভিষেক টেস্টে ‘পেয়ার’-এর লজ্জায় পড়তে হয়েছে চন্দ্রিকাকে।

স্পোর্টস ডেস্ক