ইংল্যান্ডের রেকর্ড গড়া জয়, হোয়াইটওয়াশের লজ্জা উইন্ডিজের
ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুটি শিরোপা জমা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ট্রফি কেসে। কিন্তু ২০১৯ সালের পরবর্তী বিশ্বকাপে ক্যারিবিয়ানরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে কি না, তা নিয়ে জেগেছে ঘোর সংশয়। ইংল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে হেরে বেশ বিপর্যয়ের মুখেই পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই ইংল্যান্ড পেয়েছিল সহজ জয়। আর তৃতীয় ম্যাচে তারা গড়েছে নতুন রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ১৮৬ রানের বিশাল ব্যবধানে। রানের বিবেচনায় উইন্ডিজের বিপক্ষে এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড জিতেছিল ১১৪ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার অ্যালেক্স হেলস ও জো রুটের দারুণ দুটি শতকে ভর করে স্কোরবোর্ডে ৩২৮ রান জমা করেছিল ইংল্যান্ড। ১০৭ বলে ১১০ রান করেছেন হেলস। রুটের ব্যাট থেকে এসেছে ১০১ রানের ঝলমলে ইনিংস। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ১৯২ রানের জুটি।
৩২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৪২ রানে। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস এসেছে জনাথন কার্টারের ব্যাট থেকে। ২২ ও ১৬ রানের ছোট দুটি ইনিংস খেলেছেন আলজেরি জোসেফ ও শাই হোপ। ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে তিনটি করে উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকস।
২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে হলে এ বছরের সেপ্টেম্বরে আইসিসি র্যাংকিংয়ের প্রথম আটটি দলের মধ্যে জায়গা করে নিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এখন তারা আছে নবম স্থানে। আগামী এপ্রিলে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয়রা। অষ্টম স্থানে থাকা পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের সেই সিরিজটিই হয়তো নির্ধারণ করে দেবে দুই দলের বিশ্বকাপ ভাগ্য।

স্পোর্টস ডেস্ক