সাফের ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ
পুরো আসরে ভালো খেলার আত্মবিশ্বাস তো ছিলই, সঙ্গে ছিল গ্রুপ পর্বে ভারতকে হারানোর স্মৃতি। কাজে দিলই না কিছুই। নেপালের পোখারা স্টেডিয়ামে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভারতের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলার তরুণীরা।
গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল দেওয়া বাংলাদেশ এদিন যেন আক্রমণ করতেই ভুলে গেছে। গোটা ম্যাচে গোল পায়নি। তারচেয়ে বড় ব্যাপার, ৯০ মিনিটজুড়ে অগোছালো লেগেছে অর্পিতা-আলপিদের। কোচ পিটার বাটলারের কোনো কৌশলই কাজে দেয়নি।
৪১ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। বাংলাদেশ রক্ষণের ভুলে বল পান ভারতীয় অধিনায়ক জুলান নংমাইথেম। দলকে এগিয়ে নিতে ভুল হয়নি তার। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও ব্যর্থ ম্যাচে ফিরতে। উল্টো হজম করেছে তিন গোল।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম এককভাবে ট্রফি জিতল ভারত। এর আগে দুই আসরে দুবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ২০২১ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে ম্যাচ কমিশনারের আলোচিত ‘টস কাণ্ডের’ পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ। বাংলাদেশের কাছে হারের বদলাই যেন নিল ভারত।

স্পোর্টস ডেস্ক