আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ
টানা দুইবার নারী সাফ চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এবার লক্ষ্য তৃতীয় শিরোপার। আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে সাফের এবারের আসর। সেখানে গ্রুপ পর্বেই অবশ্য কঠিন পরীক্ষা দিতে হবে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকারদের।
আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের আসরের ড্র। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
গতকাল বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই র্যাঙ্কিং অনুযায়ী, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
সাফ ছয় দলকে র্যাংকিং অনুযায়ী তিনটি পটে রাখে। বাংলাদেশ ছিল দুই নম্বর পটে, শ্রীলঙ্কার সাথে। ড্রয়ে এই পট থেকে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম ওঠে আর গ্রুপ হিসেবে ওঠে ‘বি’। আগে থেকেই এই গ্রুপে ছিল ভারত। আর তৃতীয় পট থেকে বাংলাদেশের সঙ্গী হয় মালদ্বীপ।
নিয়ম অনুযায়ী, ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।
ড্রয়ে ‘এ’ জায়গা হয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের। শক্তিমত্তায় এগিয়ে থাকায় এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নেপাল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে।

স্পোর্টস ডেস্ক